মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

ঘরোয়া ক্রিকেটে বৈপ্লবিক পরিবর্তন আনতে বিসিবির উদ্যোগ

  • স্পোর্টস ডেস্ক:
  • ২০২৫-০৭-৩০ ১৩:১৫:২৫

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের মান নিয়ে সমালোচনা নতুন নয়। জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) আয়োজন ও প্রতিযোগিতার মান নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠছে। অতীতে নানা সমালোচনার পর কিছুটা উন্নতি হলেও আন্তর্জাতিক মানে পৌঁছাতে পারেনি এই দুই টুর্নামেন্ট। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করা অনেক ক্রিকেটার জাতীয় দলে এসে ব্যর্থ হওয়ার কারণে এই পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে।
এই মানোন্নয়নের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বড় পদক্ষেপ নিতে যাচ্ছে। বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, আগামী মৌসুমে বিসিএলে একটি বিদেশি দল অন্তর্ভুক্ত করা হবে। ইতিমধ্যে আফগানিস্তানের সঙ্গে যোগাযোগ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শ্রীলঙ্কার সঙ্গেও আলোচনা হয়েছিল, তবে তারা নিজেদের ঘরোয়া ব্যস্ততার কারণে অংশ নিতে পারবে না। আফগান দল বিসিবির সম্পূর্ণ খরচে প্রতিযোগিতায় অংশ নেবে।
বিসিএল ফেব্রুয়ারিতে এক মাসব্যাপী অনুষ্ঠিত হবে। বিদেশি দলটি ‘এ’ দল কিংবা অন্য কোনো নামে অংশ নিতে পারে। বাকি তিনটি দল আগের মতোই বিসিবি গঠন করবে।
একইসঙ্গে জাতীয় ক্রিকেট লিগেও বিদেশি ক্রিকেটার অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে বিসিবি। আটটি দলেই একজন করে বিদেশি খেলোয়াড় রাখার চিন্তা করা হচ্ছে। যদিও এখনো পারিশ্রমিক, উপস্থিতি এবং প্রক্রিয়া চূড়ান্ত হয়নি। বর্তমানে মানসম্পন্ন বিদেশি খেলোয়াড় খোঁজার কাজ চলছে।
এর আগে এনসিএলে পাকিস্তানের ইমরান ফরহাদ, আমির ওয়াসিমের মতো বিদেশি ক্রিকেটাররা খেলেছেন। যদিও প্লেয়িং কন্ডিশনে বিদেশি খেলোয়াড়ের বিধান সবসময়ই ছিল, কিন্তু বিভাগীয় দলগুলো আগ্রহী না হওয়ায় বিসিবিও উদ্যোগ নেয়নি। এবার বিসিবি নিজেই দায়িত্ব নিয়ে বিদেশি ক্রিকেটার আনার পাশাপাশি তাদের পারিশ্রমিক ও সুযোগ-সুবিধা নিশ্চিত করবে।
এই উদ্যোগগুলো বাস্তবায়ন হলে ঘরোয়া ক্রিকেটে প্রতিযোগিতা বাড়বে এবং মানোন্নয়নে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। বিসিবির লক্ষ্য হলো-ঘরোয়া ক্রিকেটের মান এমন পর্যায়ে নিয়ে যাওয়া,যাতে জাতীয় দলে ওঠার পথটি আরও চ্যালেঞ্জিং হয় এবং খেলোয়াড়রা আন্তর্জাতিক মঞ্চের জন্য ভালোভাবে প্রস্তুত হতে পারে।

কীওয়ার্ডস: ঘরোয়া ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট লিগ, জাতীয় ক্রিকেট লিগ, বিসিবি, বিদেশি ক্রিকেটার


এ জাতীয় আরো খবর