মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

আবারও জমে উঠছে ফিনালিসিমা: আর্জেন্টিনা-স্পেনের মহারণ মার্চে

  • স্পোর্টস ডেস্ক:
  • ২০২৫-০৭-৩০ ১২:৫৯:৫৫
ছবি সংগৃহিত

ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। দুই মহাদেশের দুই চ্যাম্পিয়ন আবারও মুখোমুখি হতে যাচ্ছে। ২০২২ সালের ঐতিহাসিক ফিনালিসিমা জয়ের পর আরেকটি রোমাঞ্চকর দ্বৈরথের অপেক্ষায় বিশ্ব। দক্ষিণ আমেরিকার শিরোপাজয়ী আর্জেন্টিনা এবং ইউরোপের নতুন রাজা স্পেন লড়বে ২০২৬ সালের মার্চের তৃতীয় সপ্তাহে।
বুধবার (৩০ জুলাই) কনমেবল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, এবারও ইউরোপ-দক্ষিণ আমেরিকা শ্রেষ্ঠত্বের লড়াই অনুষ্ঠিত হবে। শুরুতে সময়সূচি নিয়ে অনিশ্চয়তা থাকলেও সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সময় নিশ্চিত করা হয়েছে। যদিও ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। সম্ভাব্য আয়োজক দেশ হিসেবে আলোচনায় রয়েছে যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও কাতার।
২০২৪ কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে মেসির নেতৃত্বে শিরোপা ধরে রেখেছে আর্জেন্টিনা। অন্যদিকে ইউরোতে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন, যেখানে ঝলক দেখিয়েছে তরুণ তারকা লামিনে ইয়ামাল ও পেদ্রি।
এই ম্যাচ ঘিরে এখন থেকেই তুমুল উত্তেজনা। অভিজ্ঞতার প্রতীক লিওনেল মেসি বনাম নতুন প্রজন্মের সম্ভাবনা ইয়ামাল—এই দ্বৈরথ ফুটবল বিশ্বের আলোচনায় শীর্ষে।
আর্জেন্টিনা যদি ফিনালিসিমায় আবারও শিরোপা জেতে, তবে তারা ইতিহাসে প্রথম দল হিসেবে টানা দুইবারের চ্যাম্পিয়ন হবে। অন্যদিকে স্পেন চাইবে তাদের তরুণ শক্তির ঝলকে নতুন ইতিহাস রচনা করতে।
ফুটবল বিশ্ব এখন অপেক্ষা করছে মার্চের জন্য, যেখানে এক মঞ্চে মুখোমুখি হবে অভিজ্ঞতা ও তারুণ্যের অনন্য সংঘর্ষ।

কীওয়ার্ডসঃ 
ফিনালিসিমা২০২৬ ArgentinaVsSpain MessiVsYamal FootballNews Finalissima2026


এ জাতীয় আরো খবর