গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসা থেকে ৫০ লাখ টাকা চাঁদা নেয়ার অভিযোগে গ্রেফতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার একটি চেক উদ্ধার করেছে পুলিশ।
ডিএমপি জানায়, সোমবার (২৯ জুলাই) রাতভর কলাবাগান এলাকায় রিয়াদের বাসায় অভিযান চালিয়ে এই চেকটি উদ্ধার করা হয়। চেকটি আগামী ২ আগস্টে ক্যাশ হওয়ার কথা ছিল। বুধবার (৩০ জুলাই) সকালে ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
তদন্তে জানা গেছে, এক ব্যবসায়ীর জমি উদ্ধারের জন্য রিয়াদের সঙ্গে ৫ কোটি টাকার চুক্তি হয়েছিল। উদ্ধারকৃত চেকটি সেই চুক্তির অংশ হিসেবে লেনদেনের অন্তর্ভুক্ত।
২৬ জুলাই গুলশানের ৮৩ নম্বর রোডের শাম্মী আহমেদের বাসায় ১০ লাখ টাকা চাঁদা নেয়ার পর আরও ৪০ লাখ টাকা দাবির সময় পুলিশ পাঁচজনকে হাতেনাতে আটক করে। গ্রেফতাররা হলেন—
আব্দুর রাজ্জাক রিয়াদ (২৫)
ইব্রাহীম হোসেন মুন্না (২৪)
মো. সাকাদাউন সিয়াম (২২)
সাদমান সাদাব (২১)
মো. আমিনুল ইসলাম (১৭)
এ ঘটনায় গুলশান থানায় দায়ের হওয়া মামলায় আদালত চারজনকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি অভিযুক্তদের বহিষ্কার ও দেশের সব শাখা কমিটি স্থগিতের ঘোষণা দিয়েছে।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, রিয়াদ ও তার সহযোগীরা শাম্মী আহমেদকে হুমকি দিয়ে ৫০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার দাবি করেন। টাকা না দিলে ‘পুলিশ দিয়ে গ্রেফতার করানোর’ ভয় দেখানো হয়। প্রথম দফায় ভুক্তভোগীকে ১০ লাখ টাকা দিতে বাধ্য করা হলেও পরবর্তী দাবির সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।
এ ঘটনায় রিয়াদ ও সহযোগীদের বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও প্রতারণার অভিযোগে একাধিক মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, এই চক্রের অন্যান্য সম্পৃক্ততা ও অর্থনৈতিক লেনদেন খতিয়ে দেখা হচ্ছে।
কীওয়ার্ডসঃ
গুলশানচাঁদাবাজি রিয়াদগ্রেফতার বৈষম্যবিরোধীছাত্রআন্দোলন DhakaCrimeNews ShammiAhmed