বুধবার, আগস্ট ২৬, ২০২৬

জাতীয় নির্বাচন সামনে, ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত বিদ্যালয়গুলোতে সংস্কারের উদ্যোগ

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৭-৩০ ১২:৩৪:৫৬
ছবি সংগৃহিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর সংস্কারের জন্য চাহিদা সংগ্রহ শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
মঙ্গলবার অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিলের স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিটি দেশের সব জেলা শিক্ষা অফিসারের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি জেলার উপজেলা ও থানা শিক্ষা অফিস থেকে নির্ধারিত ছকে তথ্য সংগ্রহ করে তা একত্রিত করতে হবে। এই তথ্যের মূল কপি ১০ আগস্টের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে। পাশাপাশি সফট কপি ই-মেইলে পাঠানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।
যেসব বিদ্যালয়ে বর্তমানে কোনো মেরামত বা সংস্কারের প্রয়োজন নেই, সেগুলোর তালিকা পাঠানোর দরকার নেই বলেও পরিপত্রে উল্লেখ করা হয়েছে।
এই সংস্কার কার্যক্রমের ব্যয় ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব খাতের পরিচালন বাজেট থেকে বহন করা হবে। কাজের ক্ষেত্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০১৩ সালের ২০ মে জারি করা ক্ষুদ্র মেরামত সংক্রান্ত নীতিমালা অনুসরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৪৪ হাজার ভোটকেন্দ্র ছিল। এর আগে একাদশ সংসদ নির্বাচনে ৪০ হাজারেরও বেশি, দশম নির্বাচনে ৩৭ হাজার ৭০৭টি এবং নবম নির্বাচনে ৩৫ হাজার ২৬৩টি ভোটকেন্দ্র ব্যবহৃত হয়েছিল।
আগামী নির্বাচনে নতুন করে কতগুলো বিদ্যালয় সংস্কারের আওতায় আসবে, তা তথ্য সংগ্রহের পর জানা যাবে।


এ জাতীয় আরো খবর