মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে অস্ট্রেলিয়ার রেকর্ড মিশন সম্পন্ন

  • স্পোর্টস ডেস্ক:
  • ২০২৫-০৭-২৯ ১৩:০১:৪০
ছবি সংগৃহিত

টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও অস্ট্রেলিয়ার জয়রথ থামল না। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে অনুষ্ঠিত পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৩ উইকেটে হারিয়ে অজিরা ৫ ম্যাচের সিরিজ ৫-০ ব্যবধানে জিতেছে। এর আগে টেস্ট সিরিজও তারা ৩-০ তে নিজেদের করে নিয়েছিল।
এই সফরে টানা ৮ ম্যাচ জিতে অস্ট্রেলিয়া ইতিহাসে দ্বিতীয় সেরা সাফল্য অর্জন করেছে। সর্বোচ্চ রেকর্ডটি ভারতের দখলে, যারা ২০১৭ সালে শ্রীলঙ্কা সফরে ৯ ম্যাচ জিতেছিল। অস্ট্রেলিয়ার এই মিশন ২০০৫ সালে নিউ জিল্যান্ড সফরে ৮ জয় ও ১ ড্র, আর ১৯৮৩ সালে ওয়েস্ট ইন্ডিজের ভারত সফরে ৮ জয় ও ৩ ড্র’র পর আরেকটি উজ্জ্বল অধ্যায় হয়ে রইল।
প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ১৭০ রানে অলআউট হয়। ইনিংসে রাদারফোর্ড ৩৫ এবং শিমরন হেটমায়ার ৩১ বলে ৫২ রানের লড়াকু ইনিংস খেলেন। ২০২৩ সালের পর এটি হেটমায়ারের প্রথম অর্ধশতক। শেষ দিকে জেসন হোল্ডার (২০) এবং ম্যাথু ফোর্ডে (১৫) কিছুটা লড়াই করলেও দলকে বড় সংগ্রহে নিতে পারেননি।
অস্ট্রেলিয়ার হয়ে বেন দ্বারশুইস বল হাতে ৪ ওভারে ৪১ রানে ৩ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
১৭১ রানের লক্ষ্য তাড়ায় ২৫ রানের মধ্যে ৩ উইকেট হারালেও মিডল অর্ডারে ক্যামেরুন গ্রিন, টিম ডেভিড ও ওয়েনের ঝড়ো ব্যাটিং অস্ট্রেলিয়াকে জয়ের পথে ফেরায়। গ্রিন ১৮ বলে ৩২, ডেভিড ৪ ছক্কায় ৩০ এবং ওয়েন ১৭ বলে ৩৭ রান করেন। শেষ পর্যন্ত অ্যারন হার্ডি ২৫ বলে ২৮ রানে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
স্পিনার আকিল হোসেন ১৭ রানে ৩ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচে রাখার চেষ্টা করলেও ফল মেলেনি। জেসন হোল্ডার ও আলজারি জোসেফ পান ২টি করে উইকেট।
পুরো সিরিজে ২০৫ রান করে ক্যামেরুন গ্রিন নির্বাচিত হয়েছেন সিরিজ সেরা খেলোয়াড়।
ব্যর্থ মিশন শেষে ওয়েস্ট ইন্ডিজ এখন পাকিস্তানের বিপক্ষে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে অস্ট্রেলিয়া ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সমান সংখ্যক ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

এই সফর প্রমাণ করল, ফরম্যাট যাই হোক, অস্ট্রেলিয়ার ধারাবাহিকতা এখনও অপ্রতিরোধ্য।


এ জাতীয় আরো খবর