মায়ামির হার্ড রক স্টেডিয়াম রোববার রাতে রূপ নেয় ভিন্ন এক আবহে। ফুটবল নয়, সঙ্গীতের মঞ্চে হাজির হন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো এবং সন্তানদের সঙ্গে কোল্ডপ্লের কনসার্ট উপভোগ করতে আসেন তিনি।
কনসার্টটি ছিল ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের যুক্তরাষ্ট্র সফরের শেষ শো। মেসি তখন পরেছিলেন সাদা হাওয়াই শার্ট, কালো প্যান্ট ও স্নিকার্স। অন্যদিকে রোকুজ্জো হাজির হয়েছিলেন কালো স্লিভলেস টপ ও ব্যাগি প্যান্টে।
কনসার্টের এক পর্যায়ে স্টেডিয়ামের বড় স্ক্রিনের কিস ক্যামে ধরা পড়েন মেসি ও রোকুজ্জো। মুহূর্তেই গ্যালারি ভরে ওঠে করতালি ও উচ্ছ্বাসে। দর্শকদের প্রতিক্রিয়ায় দুজনেই লাজুক হাসি দিয়ে হাত নাড়েন।
স্টেডিয়ামের সেই মুহূর্তে কোল্ডপ্লের প্রধান ভোকাল ক্রিস মার্টিন মেসির দিকে তাকিয়ে বলেন, “আজ আমাদের শো দেখতে আসার জন্য ধন্যবাদ, সর্বকালের সেরা ক্রীড়াবিদ।” এরপর স্টেডিয়াম এক কণ্ঠে স্লোগানে মুখরিত হয়— “মেসি! মেসি!”
কনসার্ট শেষে রোকুজ্জো ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করেন। মুহূর্তেই সেই পোস্টে ভক্তদের ভালোবাসা ও প্রশংসার মন্তব্যে ভরে ওঠে। কেউ লিখেছেন, “মেসি, তুমি শুধু ফুটবলের মাঠেই নয়, জীবনের প্রতিটি মুহূর্তে কিংবদন্তি।” আরেকজন মজার ছলে বলেছেন, “কিস ক্যাম থেকে কয়েক সেকেন্ডের জন্য যদি তারা লুকিয়ে পড়তেন, তবে মজাই হতো।”
এই মন্তব্যের সূত্র ছিল বোস্টনের এক কনসার্টের ঘটনা, যেখানে কিস ক্যামে ধরা পড়ার পর এক দম্পতি বিব্রত হয়ে সরে যান। তবে মেসি ও রোকুজ্জোর ক্ষেত্রে ছিল উল্টো চিত্র—তাদের দীর্ঘ দিনের প্রেম ও সুখী পারিবারিক জীবনের এক সুন্দর প্রকাশ।
গিটার বাজনার সঙ্গে যখন কোল্ডপ্লের সুর ছড়িয়ে পড়ছিল, তখন স্টেডিয়ামের বড় পর্দায় ফুটে ওঠে মেসি-রোকুজ্জোর ভালোবাসা। দর্শকদের কাছে সেটি হয়ে ওঠে এক হৃদয়গ্রাহী মুহূর্ত।
ফুটবল মাঠের নায়ক মেসি এবার সঙ্গীতমঞ্চেও ভক্তদের মন জয় করলেন, প্রমাণ করলেন—তিনি শুধু একজন ক্রীড়াবিদ নন, ভালোবাসারও এক অনন্য প্রতীক।
কীওয়ার্ডস: লিওনেল মেসি, কোল্ডপ্লে কনসার্ট, মেসি-রোকুজ্জো, মায়ামি হার্ড রক স্টেডিয়াম, ক্রিস মার্টিন