মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

এবি ডি ভিলিয়ার্সের বিধ্বংসী সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার রানের পাহাড়

  • স্পোর্টস ডেস্ক:
  • ২০২৫-০৭-২৮ ০০:৫৭:৪৩
ছবি সংগৃহিত

হেডিংলি, ২৭ জুলাই-পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও এবি ডি ভিলিয়ার্স যেন এখনও আগের মতোই মারকুটে। বিশ্ব লিজেন্ডস চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্সের বিপক্ষে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালালেন ‘৩৬০ ডিগ্রি’ খ্যাত এই প্রোটিয়া তারকা।ম্যাচে তার ঝোড়ো সেঞ্চুরির ওপর ভর করে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স ২০ ওভারে ৬ উইকেটে ২৪১ রানের বিশাল সংগ্রহ গড়ে।
টস জিতে ব্যাট করতে নামা প্রোটিয়া লিজেন্ডসদের হয়ে ওপেনিংয়ে নেমে প্রথম থেকেই অজি বোলারদের ওপর চড়াও হন ডি ভিলিয়ার্স। মাত্র ৩৯ বলেই তিনি তুলে নেন দুর্দান্ত সেঞ্চুরি।
শেষ পর্যন্ত ৪৬ বলে ১২৩ রানের বিস্ফোরক ইনিংস খেলে ফেরেন তিনি। তার ইনিংসে ছিল ১৫টি চার ও ৮টি ছক্কার মার।
ডি ভিলিয়ার্সের সঙ্গে ওপেনিংয়ে জুটি গড়েন জেজে স্মিথ। দুই ওপেনারের ব্যাটে পাওয়ার প্লেতে আসে ৭৮ রান।
সেঞ্চুরির পথে এগোলেও শেষ ওভারে দুর্ভাগ্যের শিকার হয়ে আউট হন স্মিথ। তার ব্যাট থেকে আসে ৫৩ বলে ৮৫ রান।
ডি ভিলিয়ার্সের বিধ্বংসী ব্যাটিং ও স্মিথের দুর্দান্ত সাপোর্টে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্সের সংগ্রহ দাঁড়ায় ২৪১/৬, যা টুর্নামেন্টের অন্যতম সেরা ইনিংস।
এমন ইনিংসের পর ক্রিকেট ভক্তরা আবারও স্মরণ করলেন সেই ডি ভিলিয়ার্সকে, যিনি একসময় বিশ্ব ক্রিকেটে ছিলেন ভয়ংকর এক নাম।

কীওয়ার্ডস: ABdeVilliers দক্ষিণআফ্রিকা_চ্যাম্পিয়ন্স WorldLegendsChampionship ডিভিলিয়ার্সসেঞ্চুরি CricketNews


এ জাতীয় আরো খবর