মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

দেশচিন্তা: মাইলস্টোন বিমান দুর্ঘটনা থেকে রাজনীতি ও সমাজের গতিবিধি-একটিপর্যালোচনা

  • এস এম আজাদ হোসেন
  • ২০২৫-০৭-২৬ ২১:১৩:১১

গত সপ্তাহ বাংলাদেশে অনেক বড় ঘটনা ঘটেছে, যা দেশের রাজনৈতিক, সামাজিক ও নিরাপত্তা কাঠামোর প্রতি গভীর প্রশ্ন তুলেছে। বিশেষ করে উত্তরার মাইলস্টোনে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনাটি দেশের জনগণের মধ্যে শোক ও উদ্বেগের ছাপ ফেলেছে। এই দুর্ঘটনা শুধুমাত্র একটি অপ্রীতিকর দুর্ঘটনা নয়, বরং আমাদের সামরিক বিমান চলাচল ব্যবস্থায় নিরাপত্তা নিয়ে গম্ভীর প্রশ্ন তুলেছে এবং সরকারি দায়িত্ব সম্পর্কে নতুন করে ভাবার সুযোগ সৃষ্টি করেছে। আর সেই সঙ্গে রাজনৈতিক অস্থিরতা, নাগরিক জীবনের নানা দৃষ্টিকোণ থেকে দেশ চলমান নানা চ্যালেঞ্জের মুখোমুখি। এই পরিপ্রেক্ষিতে ‘দেশচিন্তা’তে আমরা গত সপ্তাহের উল্লেখযোগ্য ঘটনাবলী বিশ্লেষণ করব এবং আমাদের দেশের সামনে দাঁড়ানো মূল চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করব।

১ 
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে বিধ্বস্ত হয়। ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় একজন স্কোয়াড্রন লিডারসহ শিক্ষক-শিক্ষার্থী মিলে মোট ১৯ জন তাৎক্ষণিক নিহত হয় বলে নিশ্চিত করে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। এ ঘটনায় আহত দেড় শতাধিক, যাদের উদ্ধার করে জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট, সিএমএইচ,কুর্মিটোলা জেনারেল হাসপাতাল,উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য দ্রুত প্রেরণ করা হয়।
ঘটনাটি শুধুমাত্র টক অব দি কান্ট্রি ছিল না,দেশের গন্ডি পেরিয়ে এটি আন্তর্জাতিক অঙ্গনেও বহুল আলোচিত হয়েছে।সর্বশেষ নিহতের সংখ্যা ৩৫ জন।কোমলমতি এতগুলি তাজা প্রাণ ঝরে যাওয়া এবং দেড় শতাধিক আহতদের পরিবারে নেমে আসে অবর্ণনীয় শোকের ছায়া যা কোনভাবেই লাঘব হবার নয়।যে ক্ষত শুকাবার নয়। 
এ মর্মান্তিক দুর্ঘটনায় রাষ্ট্রপতি,প্রধান উপদেষ্টা, রাজনৈতিক দলসমূহ,দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ আপমর দেশবাসী গভীর শোক প্রকাশ করেছেন,শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, “আজকের মর্মান্তিক দুর্ঘটনায় বিমানসেনাসহ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীদের ক্ষতিতে আমি গভীর দুঃখিত। এ ধরনের ঘটনা জাতির জন্য এক ভীষণ বেদনার মুহূর্ত।” এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শোকবার্তা পাঠিয়েছেন।
এই ভয়াবহতার মধ্যেও আলো হয়ে উঠেছেন দুই শিক্ষিকা-মাহেরিন চৌধুরী ও মাসুকা বেগম।
দুর্ঘটনার সময় মাহেরিন চৌধুরী ক্লাসে পড়াচ্ছিলেন। আগুন ও ধোঁয়ার দম বন্ধ করা পরিস্থিতিতেও তিনি আতঙ্কিত না হয়ে প্রথমেই শিশুদের বের করে দেওয়ার চেষ্টা করেন। কয়েকজন ছাত্রছাত্রী আটকে আছে শুনে তিনি আবার আগুনের ভেতরে ফিরে যান। শিশুদের বাঁচাতে গিয়ে নিজেই দগ্ধ হন শতভাগ, হাসপাতালে নেওয়ার পর রাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।তিনি অন্তত ২০জন শিশুর প্রাণ বাঁচিয়েছেন।
একইভাবে মাসুকা বেগমও জীবনের তোয়াক্কা না করে ঝাঁপিয়ে পড়েন শিশুদের রক্ষায়। তিনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে। তাদের এই আত্মত্যাগ এখন জাতির কাছে অমর উদাহরণ।
দুই শিক্ষিকার বীরত্বপূর্ণ আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সরকার রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের ঘোষণা দিয়েছে। তাদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে।একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে। নিহতদের স্মরণে সারাদেশে দোয়া মাহফিল ও শোক কর্মসূচি পালিত হয়েছে।
দুর্ঘটনার পর মাইলস্টোন স্কুলের প্রতিটি দেয়ালে, প্রতিটি শিশুর চোখে ফুটে উঠেছে শোক ও আতঙ্কের ছাপ। কিন্তু একই সঙ্গে রয়েছে গর্ব-তাদের দুই শিক্ষিকা নিজের প্রাণ দিয়ে যে ভালোবাসা ও সাহসের শিক্ষা দিয়ে গেছেন, তা আজীবন অনুপ্রেরণা হয়ে থাকবে।

এদিকে,উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকে শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে বিক্ষোভে নামে। স্কুল পরিদর্শনে আসা আইন উপদেষ্টা,শিক্ষা উপদেষ্টা,প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে দীর্ঘ নয় ঘন্টা স্কুলে আটকে রাখেন এবং ৬ দফা দাবী উত্থাপন করেন।

শিক্ষার্থীদের ছয় দফা দাবি:
১. নিহতদের পূর্ণাঙ্গ নাম ও পরিচয় প্রকাশ।
২. আহতদের সঠিক ও আপডেটেড তালিকা প্রকাশ।
৩. শিক্ষকদের গায়ে হাত তোলার ঘটনায় সেনাবাহিনীর নিঃশর্ত ক্ষমা।
৪. নিহতদের পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ।
৫. ঝুঁকিপূর্ণ পুরনো প্লেন বাতিল করে আধুনিক প্লেন চালু।
৬. মানবিক ও নিরাপদ প্রশিক্ষণ ব্যবস্থা ও প্রশিক্ষণ ঘাঁটি স্থানান্তর।
অবরোধের মুখে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, “শিক্ষার্থীদের উপস্থাপিত ছয়টি দাবির প্রতিটি যুক্তিযুক্ত এবং তাদের বেদনার সঙ্গে আমরা সহমর্মী। ইতোমধ্যেই তথ্যকেন্দ্র স্থাপন, ক্ষতিপূরণ প্রক্রিয়া ও মানসিক সহায়তা কার্যক্রম শুরু হয়েছে।”
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “স্কুল প্রাঙ্গণে স্থাপিত তথ্যকেন্দ্রে নিহত, আহত ও নিখোঁজদের সর্বশেষ তথ্য হালনাগাদ করা হচ্ছে। পরিবারগুলোর পুনর্বাসন ও ক্ষতিপূরণ প্রদানের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা ট্রমা ম্যানেজমেন্টেও গুরুত্ব দিচ্ছি।”
তিনি আরও জানান, শিক্ষার্থীদের অভিযোগ অনুযায়ী জনসমাগম নিয়ন্ত্রণে সেনাবাহিনীর কিছু সদস্যের আচরণে যে ভুল হয়েছে, তা গভীর অনুশোচনার সঙ্গে দেখা হচ্ছে এবং বিষয়টি সেনা কর্তৃপক্ষকে জানানো হবে।
শিক্ষা উপদেষ্টা ড. আবরার বলেন, “এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তন নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগ আমরা বুঝি। পরীক্ষার নতুন তারিখ ২৪ জুলাইয়ের পর নিয়মিত পরীক্ষার শেষে ঘোষণা করা হবে।” প্রায় ৯ ঘণ্টা শিক্ষার্থীদের দ্বারা অবরুদ্ধ থাকার পর পুলিশ তাদের নিরাপদে ক্যাম্পাস থেকে বের করে নিয়ে আসে।
শুধু শোক নয়, এই ঘটনা নিরাপত্তা ব্যবস্থার গুরুতর প্রশ্নও সামনে নিয়ে আসে। বিমান বাহিনীর ঘনবসতিপূর্ণ এলাকায় ঝুঁকিপূর্ণ মহড়া, উদ্ধার অভিযানের ধীরগতি এবং দায়ীদের চিহ্নিত করার প্রক্রিয়ায় বিলম্ব-সবকিছুই জনমনে ক্ষোভ সৃষ্টি করেছে। শিক্ষার্থী ও অভিভাবকদের আন্দোলন আরও প্রমাণ করেছে যে নিরাপত্তা নিয়ে সরকারের জবাবদিহি এখন সময়ের দাবি।
এ সপ্তাহে আরেকটি আলোচিত ইস্যু ছিল রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে লাগাতার বৃষ্টিপাতে নগরজীবনের বিপর্যয়। জলাবদ্ধতা, যানজট এবং বিদ্যুৎ বিভ্রাট নগরবাসীর ভোগান্তি বাড়িয়েছে। নতুন সরকারের অবকাঠামো উন্নয়নের অঙ্গীকারের সাথে বাস্তবতার এই চিত্র মিলছে না-এ বিষয়ে জনআস্থা পুনরুদ্ধার করাও সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।
বাংলাদেশ বিমান বাহিনী ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে। এছাড়া, সামরিক প্রশিক্ষণ বিমানের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়নের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে।এই মর্মান্তিক দুর্ঘটনা আমাদের বিমান নিরাপত্তা ব্যবস্থার প্রতি নতুন করে ভাবতে বাধ্য করছে। সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রেই নিরাপত্তা নিশ্চিত করতে, আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম।
যদিও এটি একটি সামরিক প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনা, তবুও দেশের আকাশসীমায় বিমান নিরাপত্তার ব্যাপারে জনগণের উদ্বেগ স্বাভাবিকভাবেই বাড়তে বাধ্য। সামরিক ও বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা ব্যবস্থার পার্থক্য থাকলেও, দুর্ঘটনার যেকোনো সংকেতই সর্বসাধারণের কাছে বিমানের নিরাপত্তা নিয়ে সংশয় সৃষ্টি করে। এই সংকটে আমাদের বেসামরিক বিমান চলাচল ব্যবস্থার দুর্বলতা ও নিরাপত্তা ব্যবস্থাপনার বর্তমান অবস্থান পর্যালোচনা জরুরি হয়ে উঠেছে।

২
রাজনৈতিক অঙ্গনে শোকের আবহের মাঝেই তীব্রতা বেড়েছে অন্তর্বর্তীকালীন সরকার ও রাজনৈতিক দলগুলির মধ্যে। বিমান দুর্ঘটনা প্রসঙ্গে সরকারের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে রাজনৈতিক দলগুলো সরব হলেও, জাতীয় ঐক্যের আহ্বানও শোনা গেছে। সরকার জানিয়ে দিয়েছে, এই দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, দীর্ঘ আলোচনা,তর্ক-বিতর্ক এবং বিভিন্ন রাজনৈতিক অবস্থানের টানাপোড়েন শেষে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে জাতীয় ঐকমত্য কমিশন: দলীয় প্রধানরা প্রধানমন্ত্রী হতে পারবেন না। তবে এতে সম্মত না-থাকা রাজনৈতিক দলগুলো 'নোট অব ডিসেন্ট' আকারে তাদের আপত্তি জাতীয় সনদে সংযুক্ত করতে পারবে। এই গুরুত্বপূর্ণ ঘোষণার মাধ্যমে বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলে আসা এক ব্যক্তির একাধিক ক্ষমতা ভোগের সংস্কৃতির অবসান ঘটাতে চাইছে ঐকমত্য কমিশন। এই পদক্ষেপ দেশকে নিরপেক্ষ, জবাবদিহিমূলক এবং বহুমাত্রিক নেতৃত্বের দিকে নিয়ে যাওয়ার এক সাহসী প্রয়াস বলে মনে করছেন বিশ্লেষকরা।


এদিকে,বিমান দুর্ঘটনা, শিক্ষার্থীদের বিক্ষোভ ও দেশের সামগ্রিক অস্থির পরিস্থিতি নিয়ে আলোচনা করতে মঙ্গলবার (২২ জুলাই) রাতে একটি জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ও চারটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রধান উপদেষ্টার এই বৈঠক শুধু একটি ‘দুর্ঘটনা’ নিয়ে নয়, বরং এর প্রেক্ষিতে সৃষ্ট জাতীয় ক্ষোভ, সামাজিক উদ্বেগ এবং রাজনৈতিক উত্তাপ মোকাবেলায় একটি সুদূরপ্রসারী উদ্যোগ হতে পারে।
এ বৈঠকের মধ্য দিয়ে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত রাজনৈতিক সংলাপের দ্বার উন্মুক্ত হতে পারে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে,"বাংলাদেশে মুজিববাদের রাজনীতি আর চলবে না, চলতে দেওয়া হবে না"-এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, "৫ আগস্টের গণঅভ্যুত্থানে আমরা স্পষ্টভাবে মুজিববাদী ও ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে রায় দিয়েছি। এখন সময় ঐক্য ও সংস্কারের রাজনীতি এগিয়ে নেওয়ার।"
সুনামগঞ্জ শহরে এনসিপির জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, "মুজিববাদ কেবল শেখ মুজিব কিংবা মুক্তিযুদ্ধ নয়,এটি গত ৫০ বছরের বিভাজনের এক প্রতীক। মুজিববাদের রাজনীতি মানে গুম, খুন, ধর্ষণ, মানবাধিকার লঙ্ঘন ও ইসলামবিদ্বেষের রাজনীতি। সংখ্যালঘুদের জমি দখল, নাগরিক স্বাধীনতার হরণ, এবং ভারতীয় আধিপত্যের কাছে আত্মসমর্পণের নামই মুজিববাদ। আমরা এই ভয়ংকর রাজনীতিকে চিরতরে উৎখাত করেছি এবং তা আর কখনো মাথা তুলে দাঁড়াতে দেব না।"
তিনি আরও বলেন, "বাংলাদেশকে আর বিভাজনের পথে ঠেলে দেওয়া যাবে না। আজ যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে, সেটি সংস্কারের মাধ্যমে ধরে রাখতে হবে।"
এদিকে,বাংলাদেশে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনের দাবিকে ‘জগাখিচুড়ি’ বলে অভিহিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৬ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন,“বাংলাদেশে এখন জগাখিচুড়ি চলছে। কিছু কিছু লোক, কিছু রাজনৈতিক দল এমন বিষয় নিয়ে কথা বলছে, যার সঙ্গে দেশের বাস্তবতার কোনো সম্পর্ক নেই। তারা বলছে, সংখ্যানুপাতিক হারে নির্বাচন হবে। কিন্তু সাধারণ মানুষ তো বুঝেই না, এটা কী! আমাদের দেশের ভোটাররা জানে, প্রার্থী থাকবে, সে ভোট দেবে। পিআর পদ্ধতিতে এলাকার নেতৃত্ব ঠিকভাবে প্রতিষ্ঠিত হবে না।”
তিনি আরও বলেন, “এই পদ্ধতিতে দেশের মানুষ যে স্থানীয় নেতৃত্ব চায়, তা পাওয়া সম্ভব নয়। তাই আমরা আনুপাতিক হারে নির্বাচনের কথা ভাবি না। বিএনপি নির্বাচনের পক্ষে, কারণ নির্বাচন ছাড়া জনগণের প্রতিনিধি নির্বাচন সম্ভব নয়। আর প্রতিনিধি ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না।”
এদিকে, “আমরা আর বস্তাপচা নির্বাচনের ফাঁদে পা দিতে চাই না। নির্বাচন হতে হবে সবার জন্য সমান সুযোগসুবিধাযুক্ত, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য। কালো টাকা আর মাস্তানতন্ত্রের খেলা এবার আর বরদাশত করা হবে না।”-এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (২৩ জুলাই) সিলেটের বিয়ানীবাজারে অনুষ্ঠিত জনশক্তি ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নির্বাচন কমিশন ও প্রশাসনকে হতে হবে নিরপেক্ষ। কোনো প্রিম্যাচিউর্ড নির্বাচন জনগণ মেনে নেবে না। আমরা শক্তিশালী গণতন্ত্র চাই, লোক দেখানো নির্বাচন নয়।” এছাড়া ছোট বড় অন্যান্য রাজনৈতিক দলগুলিও গত সপ্তাহে ছিল বেশ সোচ্চার। 
তবে মাঠ পর্যায়ে গ্রামীণ নেতৃত্বের অভাব, যুব সমাজের রাজনৈতিক বিমুখতা এবং দলীয় মতাদর্শের অবক্ষয় নিয়ে সমালোচনা বাড়ছে। রাজনৈতিক দলগুলো যদি জনগণের আস্থা পুনর্নির্মাণে ব্যর্থ হয়, তাহলে গণতন্ত্রের জন্য নতুন সংকট দেখা দিতে পারে।

৩
আন্তর্জাতিক অঙ্গনেও গত সপ্তাহে ছিল উত্তেজনাপূর্ণ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন এশিয়া নীতি ঘোষণা করেছেন, যেখানে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা সহযোগিতা জোরদারের কথা বলা হয়েছে। এই নীতির প্রেক্ষিতে বাংলাদেশকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখা হচ্ছে।
মধ্যপ্রাচ্যে ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাত নতুন মাত্রায় পৌঁছেছে, লেবাননের সীমান্তে উত্তেজনা চরমে। এই প্রেক্ষাপটে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছে। বাংলাদেশের অবস্থান এখানে নিরপেক্ষ হলেও আন্তর্জাতিক মানবিক সহায়তায় অংশ নেওয়ার প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে সরকার।
ভারতীয় অর্থনীতিতে নতুন ধাক্কা লেগেছে—শেয়ারবাজারে বড় পতন, রুপির দরপতন এবং বেকারত্বের হার বেড়ে গেছে। দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর অর্থনীতি ও নিরাপত্তা পরিস্থিতি বাংলাদেশের বাণিজ্যিক এবং কূটনৈতিক অগ্রাধিকারেও প্রভাব ফেলবে।
গত সপ্তাহে দেশ যে ঘটনাগুলোর মধ্য দিয়ে গেছে, তা আমাদের রাষ্ট্র ও সমাজের জন্য একদিকে শোকের, অন্যদিকে জাগরণের বার্তা বহন করে। বিমান দুর্ঘটনার মতো ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। রাজনৈতিক নেতৃত্বকে জনআস্থা পুনর্গঠনের পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।বিমানের যান্ত্রিক ত্রুটি থেকে এই রাষ্ট্রীয় বিপর্যয়-নিরাপত্তার প্রতি আমাদের গুরুত্ব আরোপ করা বাধ্যতামূলক। শুধুমাত্র রাষ্ট্রীয় তদন্ত এবং পদক্ষেপই নয়, বরং আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান, সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও নিরাপত্তা বিভাগগুলোকে একটি নৈতিক দায়িত্ববোধে অনুপ্রাণিত করা উচিত। ভবিষ্যতে এমন নির্মমতা যেন আর না ঘটে—সেই দায়বদ্ধতা সম্পূর্ণভাবে গ্রহণ করাই একমাত্র দেশপ্রেম।
আন্তর্জাতিক অঙ্গনে যে পরিবর্তনের স্রোত বইছে, সেখানে বাংলাদেশের কৌশলগত অবস্থান আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই মুহূর্তে প্রয়োজন-দক্ষ কূটনীতি, শক্তিশালী অভ্যন্তরীণ শাসনব্যবস্থা এবং জনগণের আস্থা অর্জনের কার্যকর উদ্যোগ।
একটি রাষ্ট্র তখনই শক্তিশালী হয়, যখন তার নেতৃত্ব সংকটের মুহূর্তে দৃঢ় সিদ্ধান্ত নিতে পারে। এখনই সেই সময়—শোককে শক্তিতে রূপান্তরিত করে বাংলাদেশকে নতুন পথে এগিয়ে নেওয়ার।

লেখকঃ কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক ও সমাজকর্মী 


এ জাতীয় আরো খবর