চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপি কার্যালয় ভাংচুরের অভিযোগে ৫১ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গত শুক্রবার দিবাগত ১২টার পর(২৬ জুলাই) স্থানীয় বিএনপি নেতা মো.মইনুদ্দিন ভোলাহাট থানায় মামলাটি দায়ের করেন বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।
এদিকে মামলার পর শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে আটক উপজেলা আ’লীগ নেতা ও ভোলাহাট সদর ইউপি চেয়ারম্যান মো. পিয়ার জাহানকে ওই মামলায় এজাহারনামীয় আসামী হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ভোলাহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) শহিদুল ইসলাম। ্
অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ বলেন, গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে(২৫ জুলাই) বজরাটেক এলাকায় অবস্থিত আধাপাকা কার্যালয়টি ভাংচুর করা হয় বলে অভিযোগ করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এ সময় কার্যালয়ের চেয়ার ভাঙ্গা হয় ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়। ঘটনা জানতে পেরে পুলিশ কার্যালয়টি পরিদর্শন করে। মামলার পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এ ঘটনায় জড়িত সকলকে শনাক্ত করে গ্রেপ্তার করা হবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।
উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার (২৫ জুলাই) ভোর ৪টার দিকে জেলার গোমস্তাপুর উপজেলার সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপি’র নির্মাণাধীণ কার্যালয়ের ভেতরে ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। খবর পেয়ে গোমস্তাপুর থানা পুলিশ কার্যালয় পরিদর্শণ করে বিস্ফোরণের চিহ্ন পায়। কার্যালয়ের বাইরে থেকে উদ্ধার হয় একটি অবিস্ফোরিত ককটেল।