উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষিকা মাসুকা বেগমের প্রতি চিরশ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমানবাহিনী। শুক্রবার (২৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুরে মরহুমার কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার প্রদান করা হয়।
বিমানবাহিনীর দশ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা থেকে সোহাগপুর গ্রামের উদ্দেশে রওনা দেন।তারা মাসুকার বোন জামাই খলিলুর রহমানের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, সমবেদনা জানান এবং রাষ্ট্রীয়ভাবে নিহত শিক্ষককে সম্মান জানান।
মাসুকা বেগম ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষিকা, যিনি রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ইংরেজি বিভাগে কর্মরত ছিলেন।গত সোমবার (২১ জুলাই) স্কুলে ভয়াবহ দুর্ঘটনায় বিমান বিধ্বস্ত হলে তিনিও অন্যান্যদের সাথে দগ্ধ হন। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন শিক্ষক মাসুকা।
জীবনের শেষ ইচ্ছা অনুযায়ী, মাসুকার মরদেহ দাফন করা হয় তার বোনের বাড়ির পাশের কবরস্থানে। এই সিদ্ধান্ত নেন তার বোন ও পরিবারের সদস্যরা। বিমানবাহিনীর শ্রদ্ধা নিবেদনের সময় এলাকাবাসী, আত্মীয়স্বজন এবং সহকর্মীরাও উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার মশিউর রহমান।
তিনি বলেন, “ঢাকা একটি স্ট্র্যাটেজিক লোকেশন। নিরাপত্তার প্রয়োজনেই এখানে ফ্লায়িং চালিয়ে যেতে হয়। তবে নগরায়নের ফলে আশপাশে জনবসতি বেড়ে যাওয়ায় আমাদের নানা রকম সীমাবদ্ধতার মধ্যে ফ্লাইট পরিচালনা করতে হচ্ছে।” তিনি আরও যোগ করেন, “স্বাধীনতার পর থেকেই ঢাকার আকাশে ফ্লায়িং হয়ে আসছে। কিন্তু এ ধরনের দুর্ঘটনা প্রতিদিন ঘটে না। এটি একটি অনাকাঙ্ক্ষিত ও বেদনাদায়ক ঘটনা।”
মাসুকা বেগম শুধু একজন শিক্ষিকা ছিলেন না-তিনি ছিলেন শিক্ষার্থীদের প্রেরণা, একজন মানবিক মানুষ।
সোহাগপুরের মানুষ জানায়, মাসুকা ছিলেন পরিবারের ভরসাস্থল, সমাজের আলোকবর্তিকা। শিক্ষাক্ষেত্রে তার অবদান অনেক গভীর, যা মনে রাখবে তার শিক্ষার্থী ও সহকর্মীরা।
আজকের শ্রদ্ধা জানানোর মাধ্যমে শুধু বিমানবাহিনী নয়, একটি জাতি শ্রদ্ধা জানাল তাদের এক নীরব যোদ্ধাকে-একজন শিক্ষিকাকে, যিনি শিক্ষা দিতে এসে জীবন দিলেন অনাকাঙ্ক্ষিত এক আকাশপথের দুঃস্বপ্নে।