বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

রাজস্ব নীতিতে 'চতুরতা',সংশোধন হচ্ছে অধ্যাদেশ: উপদেষ্টা ফাওজুল কবির খান

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৭-১৩ ১৩:৪৫:৫২
ছবি সংগৃহিত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এক বিস্ফোরক মন্তব্যে জানিয়েছেন, সদ্য জারি করা রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা অধ্যাদেশ তৈরির সময় 'চতুরতার আশ্রয়' নেওয়া হয়েছিল। এই অধ্যাদেশে প্রশাসন ও শুল্ক-কর ক্যাডারের আধিপত্যের সমালোচনা করে তিনি জানান, এটি সংশোধন করা হবে এবং ভবিষ্যতে আর কোনো পক্ষপাতমূলক কাঠামো থাকবে না।
আজ শনিবার রাজধানীর সচিবালয়ে বিদ্যুৎ বিভাগের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, “এই অধ্যাদেশ সংশোধন হবে। ভবিষ্যতে প্রশাসন ক্যাডার বা শুল্ক ও কর ক্যাডারের একচেটিয়া নিয়ন্ত্রণ থাকবে না। আলাদা একটি নীতিমালা প্রণয়ন করা হবে, যেখানে সচিব ও ঊর্ধ্বতন পদে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার মানদণ্ড নির্ধারিত থাকবে।”
তিনি আরও বলেন, “জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর-এর নাম এখন মানুষ শুনলেই হাসে। তারা জানে এর পেছনে কী আছে। এই প্রতিষ্ঠানের নাম বদলানোই ভালো।”
গত ১২ মে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি পৃথক বিভাগ গঠনের সিদ্ধান্ত নেয় সরকার। এরপর থেকেই এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা ব্যাপক আন্দোলন শুরু করেন। উপদেষ্টা জানান, এই পরিস্থিতির জন্ম মূলত প্রশাসন ক্যাডার ও শুল্ক-কর ক্যাডারের মধ্যকার ‘দ্বন্দ্ব’ থেকে। তিনি বলেন, “এই দ্বন্দ্বই আন্দোলনের মূল। তারা কেউ শিশু নয়, সবাই বুঝে-শুনেই করেছে। এভাবে আন্দোলন করে সরকারের আস্থা হারিয়েছে তারা।”
সংবাদ সম্মেলনে সাংবাদিকরা জানতে চান-এই আন্দোলন ঠেকাতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ব্যবহার করা হয়েছে কিনা। উত্তরে ফাওজুল কবির খান জোর দিয়ে বলেন, “দুদককে একটুও ব্যবহার করা হয়নি। এই প্রক্রিয়া আন্দোলনের অনেক আগেই শুরু হয়েছিল। তবে এনবিআর কর্মকর্তাদের আচরণ এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে। যদি তারা নির্দোষ হন, দুদক তাদের দায়মুক্তি দেবে।”
উপদেষ্টা বলেন, “সরকারের হারানো আস্থা ফেরাতে এখন এনবিআর কর্মকর্তাদের বেশি বেশি রাজস্ব আহরণে মনোযোগী হতে হবে। এরা তো কারও ব্যক্তিগত প্রতিষ্ঠানে কাজ করছে না। দুই মাস আন্দোলন করে ব্যবসায়ী ও সাধারণ মানুষের অনেক ক্ষতি করেছে তারা-এর দায় কার?”
রাজস্ব আহরণের ধীরগতির কারণ জানতে মাঠপর্যায়ে পরিদর্শনে যাওয়ার ঘোষণা দিয়ে উপদেষ্টা বলেন, “কর্মকর্তারা আগে কী করতেন, এখন কী করছেন-সব দেখা হবে। রাজস্ব সংগ্রহের গতি কম কেন, তা সরেজমিনে যাচাই করা হবে।”
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কহার এবং ব্যবসায়ীদের দুশ্চিন্তা প্রসঙ্গে ফাওজুল কবির খান বলেন, “ব্যবসায়ীরা কোনোভাবেই অন্ধকারে নেই। দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের আলোচনা কেবল শুল্ক নিয়েই নয়, বরং একটি পূর্ণাঙ্গ ফ্রেমওয়ার্ক তৈরি হচ্ছে-যেটিতে তাদের জাতীয় নিরাপত্তার বিষয়ও রয়েছে। অশুল্ক বাধা নিয়েও আলোচনা চলছে।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের গণপূর্ত উপদেষ্টা অ্যাডভোকেট আদিলুর রহমান খান ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

কীওয়ার্ডস: রাজস্ব নীতি ২০২৫, এনবিআর আন্দোলন, রাজস্ব ব্যবস্থাপনা, ফাওজুল কবির খান সংবাদ সম্মেলন, বাংলাদেশ রাজস্ব ক্যাডার সংকট, প্রশাসন বনাম শুল্ক ক্যাডার, অন্তর্বর্তী সরকার আপডেট, দুদক এনবিআর, ট্রাম্প শুল্কনীতি, বাংলাদেশ মার্কিন বাণিজ্য

 


এ জাতীয় আরো খবর