মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থেমে গেলেন মুল্ডার: লারার ৪০০-কে সম্মান জানাতে অনন্য সিদ্ধান্ত

  • ক্রীড়া ডেস্ক
  • ২০২৫-০৭-০৭ ২৩:২৭:০৬
ছবি সংগৃহিত

ব্যক্তিগত রেকর্ড গড়ার মোহ অনেককেই গিলে খায়। তবে দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক উইয়ান মুল্ডার দেখালেন-ক্রিকেট শুধু পরিসংখ্যানের খেলা নয়, এটি নৈতিকতা ও ইতিহাসের প্রতি শ্রদ্ধার প্রতীকও হতে পারে।
জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ে টেস্টে দুর্দান্ত এক ইনিংসে ৩৬৭ রান করে অপরাজিত থাকা অবস্থায় ইনিংস ঘোষণা করেন মুল্ডার। অথচ তিনি ছিলেন মাত্র ৩৩ রানের দূরত্বে ইতিহাস গড়া কিংবদন্তি ব্রায়ান লারার ৪০০ রানের বিশ্বরেকর্ড স্পর্শ করার।
দ্বিতীয় দিনের লাঞ্চে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ৬২৬/৫। মুল্ডার নিজেই ড্রেসিংরুমে বার্তা পাঠান-আরও রান নয়, এখন ইনিংস ঘোষণা করা উচিত। কারণ, তার মতে, “লারার রেকর্ডকে স্পর্শ না করেও সম্মান জানানো যেতে পারে।”
ক্রিকেটবিশ্বের কাছে এটি এক বিরল উদাহরণ। যেখানে খেলোয়াড় নিজেই নিজের ব্যক্তিগত মহাকীর্তি থামিয়ে দিয়েছেন ইতিহাস ও মূল্যবোধকে অগ্রাধিকার দিয়ে।
মাত্র ২৭ বছর বয়সী মুল্ডারের ৩৬৭ রানের ইনিংসটি ছিল আধুনিক টেস্ট ক্রিকেটে গতিময়তা ও ধৈর্যের এক অনবদ্য মিশেল। ৩২৫ বলে ৪৮টি চারের সঙ্গে ছিল ৩টি ছক্কা। এই ইনিংস তাকে পৌঁছে দিয়েছে ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহকের তালিকায়।
এর আগে এই তালিকায় আছেন-মাহেলা জয়বর্ধনে (৩৭৪), ম্যাথু হেইডেন (৩৮০), এবং দুইবার ব্রায়ান লারা (৩৭৫ ও ৪০০*)।
মুল্ডারের ইনিংস গড়েছে একাধিক রেকর্ড:
দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট ইতিহাসে দ্বিতীয় ট্রিপল সেঞ্চুরি (প্রথম: হাশিম আমলা – ৩১১*)
টেস্ট ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ট্রিপল সেঞ্চুরি (২৯৭ বল)
অ্যাওয়ে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত রান (৩৬৭), ভেঙেছেন হানিফ মোহাম্মদের ৬৬ বছরের রেকর্ড
টেস্ট ইতিহাসে দ্বিতীয় অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচেই ট্রিপল সেঞ্চুরি (প্রথম: অস্ট্রেলিয়ার বব সিম্পসন, ১৯৬৪)
মুল্ডারের ইনিংসে দলের বাকিদের অবদানও ছিল প্রশংসনীয়-ডেভিড বেডিংহাম করেন ৮২ রান, ডোয়াইন প্রিটোরিয়াস করেন ৭৮, ডেওয়াল্ড ব্রেভিস করেন ৩০ এবং কাইল ভেরাইনি অপরাজিত থাকেন ৪২ রানে।
এই যৌথ প্রয়াসে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে বিশাল স্কোর দাঁড় করায় এবং ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় একচেটিয়াভাবে।
ট্রিপল সেঞ্চুরির পর ইনিংস ঘোষণা ক্রিকেটে নতুন নয়-মাইকেল ক্লার্ক (৩২৯), ডেভিড ওয়ার্নার (৩৩৫), কিংবা হাশিম আমলা (৩১১*) আগেও তা করেছেন। তবে ৪০০ রানের মতো এক বিশ্বরেকর্ডের দোরগোড়ায় দাঁড়িয়ে নিজেই থেমে যাওয়ার সিদ্ধান্ত একেবারেই নজিরবিহীন।
এই সিদ্ধান্ত প্রমাণ করে-মুল্ডার শুধু দক্ষ ব্যাটসম্যান নন, একজন শ্রদ্ধাশীল ও দায়িত্বশীল অধিনায়কও।
যেখানে আধুনিক ক্রিকেটে ব্যক্তিগত রেকর্ড ও মিডিয়া হাইপই মুখ্য হয়ে দাঁড়ায়, সেখানে উইয়ান মুল্ডারের মতো একজন ক্রিকেটার ইতিহাসকে সম্মান জানিয়ে যে বার্তা দিয়েছেন, তা অনুপ্রেরণা হয়ে থাকবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তার এই ইনিংস কেবল রানেই নয়, মননে ও মূল্যবোধে গড়ে দিচ্ছে এক নতুন মানদণ্ড।

কীওয়ার্ডস:

উইয়ান মুল্ডার, ব্রায়ান লারা ৪০০, টেস্ট ট্রিপল সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট, মুল্ডারের ৩৬৭, বুলাওয়ে টেস্ট, ক্রিকেট ইতিহাস, টেস্ট ক্রিকেট রেকর্ড, ক্রিকেটে নৈতিকতা, মুল্ডার ইনিংস ঘোষণা


এ জাতীয় আরো খবর