মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

ওয়ানডে লড়াইয়ের মঞ্চ প্রস্তুত: অধিনায়ক মিরাজের অভিষেক,প্রতিশোধের অপেক্ষায় লঙ্কা

  • স্পোর্টস ডেস্ক:
  • ২০২৫-০৭-০১ ২৩:৫৩:২১
ছবি সংগৃহিত

টেস্ট অধ্যায়ের ইতি, এবার ওয়ানডের পালা। গলে সাহসী লড়াই, কলম্বোয় আত্মসমর্পণ-সেই বেদনার রেশ কাটিয়ে এবার ৫০ ওভারের লড়াইয়ে ফিরছে বাংলাদেশ। দ্বিপক্ষীয় সিরিজের প্রথম ওয়ানডে আগামীকাল, বুধবার (২ জুলাই) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়, সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
এই সিরিজের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এক নতুন অধ্যায়ের শুরু। ওয়ানডে ফরম্যাটে নেতৃত্ব পাচ্ছেন মেহেদী হাসান মিরাজ, যার অধিনায়কত্বে বাংলাদেশ প্রথমবার পূর্ণ সিরিজ খেলতে নামছে। শান্তর হাত থেকে ‘ছিনিয়ে’ আনা এই দায়িত্ব ঘিরে ড্রেসিংরুমে আছে স্পষ্ট টানাপোড়েন। টেস্টে ভালো খেলেও অধিনায়কত্ব হারানো শান্ত ইতিমধ্যেই টেস্ট নেতৃত্ব ছেড়ে দিয়েছেন। ফলে একদিকে মিরাজের জন্য এটি আত্মপ্রতিষ্ঠার মঞ্চ, অন্যদিকে দলের ভেতরে আস্থার সংকটের আভাসও মিলছে।
২০১৭ সালের পর এই প্রথম পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করছে বাংলাদেশ। সেবার দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলেছিল দুই দল। এবারও সফর শুরু হয়েছে টেস্ট দিয়ে। যদিও সিরিজ শেষ হয়েছে ১–০ ব্যবধানে লঙ্কানদের পক্ষে। প্রথম টেস্টে গলে লড়াকু পারফরম্যান্সের পর দ্বিতীয় টেস্টে এসএসসিতে অসহায় আত্মসমর্পণ-এই বিপরীত চিত্র বাংলাদেশকে ফিরিয়ে এনেছে ওয়ানডেতে।
এটি বাংলাদেশ ও শ্রীলঙ্কার ১১তম দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ। আগের দশটি সিরিজের মধ্যে লঙ্কানদের দখলে আছে ছয়টি, বাংলাদেশের দুটি। বাকি দুই সিরিজ অমীমাংসিত। তবে সাম্প্রতিক পারফরম্যান্সে পাল্লা ভারী টাইগারদের। গত দুই দ্বিপক্ষীয় সিরিজেই জিতেছে বাংলাদেশ। শেষ নয় ওয়ানডের পাঁচটিতে জয়ের দেখা পেয়েছে তারা। এর মধ্যে রয়েছে ২০২৩ সালের বিশ্বকাপে টাইমড আউট নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারানোর ঐতিহাসিক জয়।
মোট ৫৭ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে ৪৩ বার জয়ী শ্রীলঙ্কা, বাংলাদেশ জয় পেয়েছে ১২ ম্যাচে। ২টি ম্যাচ ফলহীন। সংখ্যাগরিষ্ঠতা এখনো শ্রীলঙ্কার পক্ষে হলেও সাম্প্রতিক ট্র্যাক রেকর্ড বাংলাদেশকে আশাবাদী করছে।
মেহেদী হাসান মিরাজ এর আগে সীমিত ও অস্থায়ী সময়ে অধিনায়কত্ব করলেও এবার দায়িত্ব স্থায়ীভাবে তার হাতে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে তার নেতৃত্বে ৩–০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। এবার তার সামনে আরও কঠিন পরীক্ষার মঞ্চ।
অধিনায়কত্ব বিতর্কে ইতোমধ্যে টিম স্পিরিট নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে শান্তর বিরক্তি এবং পদত্যাগের সিদ্ধান্ত দলের পরিবেশে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে। মিরাজের ওপর চাপ যে বাড়তি, তা বলার অপেক্ষা রাখে না। তবে এটিই তার সামনে বড় সুযোগ নিজের নেতৃত্বগুণ প্রমাণ করার।
ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফি কোয়ালিফায়ার নিশ্চিত করার পর প্রথমবার বাংলাদেশ ওয়ানডে খেলতে নামছে। ফরম্যাটটি বরাবরই বাংলাদেশ দলের জন্য ‘স্বাচ্ছন্দ্যের’। নতুন অধিনায়ক, পুরোনো প্রতিপক্ষ, পরিচিত কন্ডিশন—এই পরিস্থিতিতে টাইগারদের কাছে প্রত্যাশা স্বাভাবিকভাবেই বেশি।
বাংলাদেশ সফরের ওয়ানডে সিরিজে ২–১ ব্যবধানে হারা শ্রীলঙ্কা এবার ঘরের মাঠে সেই পরাজয়ের প্রতিশোধ নিতে মরিয়া। একদিকে দলে ফিরেছেন তাদের অভিজ্ঞ পারফর্মাররা, অন্যদিকে বাংলাদেশের দলেও রয়েছে ব্যাটিং–বোলিং ভারসাম্য। কাজেই কলম্বোর ম্যাচটি হতে যাচ্ছে উত্তেজনাকর এক লড়াইয়ের সূচনা।
প্রথম ওয়ানডে দিয়ে শুধু সিরিজ নয়, শুরু হবে মিরাজের অধিনায়কত্ব অধ্যায়। একই সঙ্গে এটি হবে একটি পরীক্ষার দিন—যেখানে দেখা যাবে বাংলাদেশ টেস্ট পরাজয়ের ধাক্কা সামলে নতুনভাবে ঘুরে দাঁড়াতে পারে কিনা।

তথ্যসূত্র: বাংলাদেশ ক্রিকেট বোর্ড, শ্রীলঙ্কা ক্রিকেট, সাম্প্রতিক আন্তর্জাতিক পরিসংখ্যান


এ জাতীয় আরো খবর