বুধবার, আগস্ট ১৯, ২০২৬

কোম্পানীগঞ্জে যুবলীগ নেতার হামলায় ইউপি মেম্বারসহ আহত-৪

  • ইমাম হোসেন খাঁন
  • ২০২৫-০৬-৩০ ১৭:৫৬:৩৮

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে যুবলীগ নেতা আলতাফ হোসেন আজাদ (৪৫) ও তার সহযোগিদের হামলায় ইউপি সদস্যসহ চারজন আহতের ঘটনা ঘটেছে। এঘটনায় অভিযুক্ত যুবলীগ নেতা আলতাফ হোসেন আজাদকে স্থানীয়রা আটক করে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ড মোল্লা বাজারে আমেরিকা প্রবাসী মহি উদ্দিনের বাড়ীতে এঘটনা ঘটে। এ ঘটনায় মাহবুবুর রহমান বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় ৫জনের নাম উল্লেখ করে অভিযোগ দিয়েছে।
হামলার ঘটনার মূল নায়ক আলতাফ হোসেন আজাদ ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এবং মুনির কোম্পানী বাড়ীর মৃত আবুল কাশেমের ছেলে।
আহতরা হলেন, সাবেক ইউপি সদস্য আবদুল হাই (৬৫), কাউসার হোসেন (২৭), শাহাব উদ্দিন (৩২) এবং আবদুর রহিম (৪৭)। গুরুতর আহত আবদুল হাইকে উন্নত চিকিৎসার জন্য কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকার রেফার করা হয়েছে।
এলাকাবাসী ও মামলার সূত্রে জানা যায়, যুবলীগ নেতা ও ভূমিদস্যু আলতাফ হোসেন আজাদ একজন পেশাদার মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। তিনি সোমবার সকালে জোর পূর্বক পেশি শক্তি ও সন্ত্রাসীদের ব্যবহার করে একই এলাকার আমেরিকা প্রবাসী মহি উদ্দিনের মালিকীয় ও ভোগ দখলীয় জমি জবর দখল করতে গেলে এলাকার শালিশদার ও ভিকটিম সাবেক ইউপি সদস্য আবদুল হাই বাধা প্রদান করেন। এতে ক্ষুব্দ হয়ে ভূমিদস্যু আজাদ ও তার সহযোগিরা অতর্কিত দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা করে। এসময় তাদের হামলায় ভিকটিমসহ চারজন আহত হন। আহতদের শোরচিৎকারে লোকজন আসারপর স্থানীয়রা আলতাফ হোসেন আজাদকে আটক করলে অন্যান্য সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আজাদকে আটক করে থানায় নিয়ে আসে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, হামলার ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলতাফ হোসেন আজাদকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 


এ জাতীয় আরো খবর