বলিউডের রূপালি পর্দায় এক সময় যিনি ছিলেন সাহসী উপস্থিতির প্রতীক, সেই শেফালি জারিওয়ালা আর নেই। ৪২ বছর বয়সে অকালপ্রয়াণে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। শুক্রবার (২৭ জুন) দিবাগত রাতে হঠাৎ অসুস্থ হয়ে না-ফেরার দেশে পাড়ি জমান ‘কাঁটা লাগা’ খ্যাত এই অভিনেত্রী।
ভারতের একাধিক শীর্ষ গণমাধ্যম-টাইমস অব ইন্ডিয়া, মুভি টকিজ-এ খবর প্রকাশ করেছে। তাদের বরাতে জানা যায়, হঠাৎ অসুস্থবোধ করায় শেফালিকে দ্রুত মুম্বাইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। পরে মরদেহ পাঠানো হয় কুপার হাসপাতালে ময়নাতদন্তের জন্য।
ভারতীয় সাংবাদিক ভিকি লালওয়ানি এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন, “হাসপাতালে আনার পরই চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। হৃদরোগ বিশেষজ্ঞ ডা. লুলাও বিষয়টি নিশ্চিত করেছেন।”
শেফালি জারিওয়ালা ২০০২ সালে ‘কাঁটা লাগা’ গানের রিমেক ভিডিওতে সাহসী নৃত্য পরিবেশনার মাধ্যমে রাতারাতি তারকাখ্যাতি অর্জন করেন। সত্তরের দশকের হিন্দি সিনেমার এই গানের নতুন সংস্করণে তাকে ঘিরে জন্ম নেয় বিতর্ক, প্রশংসা এবং সমালোচনা-সব একসাথে।
তারপর থেকেই ‘কাঁটা লাগা গার্ল’ নামে পরিচিতি পান তিনি। শুধু এই একটি গান নয়, শেফালি পরে ৩৫টির বেশি মিউজিক ভিডিওতে অভিনয় করেন। অভিনয় করেছেন সালমান খান ও অক্ষয় কুমার অভিনীত ‘মুঝসে শাদি করোগি’ চলচ্চিত্রেও। তবে পরবর্তীতে ধীরে ধীরে গ্ল্যামার দুনিয়া থেকে নিজেকে সরিয়ে নেন তিনি।
১৯৮২ সালের ১৫ ডিসেম্বর মুম্বাইয়ে জন্ম শেফালির। গুজরাটের সরদার বল্লভভাই পটেল ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ইনফরমেশন টেকনোলজিতে বিএসসি ডিগ্রি অর্জন করেন তিনি।
তবে রঙিন পর্দার পেছনে ছিল অনেক অজানা লড়াই। এক সাক্ষাৎকারে শেফালি জানিয়েছিলেন, ১৫ বছর ধরে মৃগীরোগে (Epilepsy) ভুগছিলেন তিনি। এই কারণেই তিনি খুব বেছে বেছে কাজ করতেন। অনেক বছর চিকিৎসার পর নিজেকে সুস্থ মনে করেই আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন।
ব্যক্তিজীবনেও বারবার ঝড় এসেছে। ২০০২ সালে প্রথম বিয়ের পর সেই সম্পর্ক ভেঙে যায় মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগে। ২০০৯ সালে সেই সম্পর্কের ইতি টানেন। এরপর ২০১৪ সালে বিয়ে করেন অভিনেতা পরাগ ত্যাগীকে। এই দম্পতি একসঙ্গে জনপ্রিয় রিয়েলিটি শো ‘নাচ বালিয়ে ৫’-এ অংশ নেন।
গ্ল্যামার দুনিয়া থেকে খানিকটা দূরে থাকলেও শেফালি ছিলেন নারী অধিকার, মানসিক স্বাস্থ্য সচেতনতা ও অনলাইন প্ল্যাটফর্মে আত্মবিশ্বাসী উপস্থিতির কারণে সবসময় আলোচনায়। সোশ্যাল মিডিয়ায় খোলামেলা ছবি ও সাহসী মত প্রকাশে ছিল তার নিজস্বতা।
তার মৃত্যু ঘিরে এখনো অনেক প্রশ্নের জবাব মেলেনি। চিকিৎসকেরা বলছেন, ময়নাতদন্তের রিপোর্ট এলেই প্রকৃত কারণ স্পষ্ট হবে। এখন পর্যন্ত মৃত্যুর কারণ হিসেবে হার্ট অ্যাটাক সম্ভাবনার কথা বলা হলেও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
তার মৃত্যুতে বলিউড অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা শোক প্রকাশ করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। কেউ লিখছেন, “তিনি ছিলেন সাহসী, স্বতন্ত্র এবং অনুপ্রেরণামূলক।” আবার কেউ বলছেন, “তার মৃত্যু শুধু বলিউড নয়, সমাজের আত্মবিশ্বাসী নারীদের এক বড় ক্ষতি।”
স্মরণীয় হয়ে থাকবেন ‘কাঁটা লাগা গার্ল’ নামে খ্যাত শেফালি জারিওয়ালা। তার সাহসী উপস্থাপন,সংগ্রামী জীবন এবং সোচ্চার অবস্থান দীর্ঘদিন মনে রাখবে বলিউডপ্রেমীরা।