বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

অন্ধকার রাতে ডাকাতের কবলে বাবা-ছেলে: কুপিয়ে জখম, লুট হলো সঞ্চয়ের টাকা

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৫-০৬-০৫ ০২:৪৩:৪৫

চুয়াডাঙ্গা | ৫ জুন ২০২৫
রাতের অন্ধকারে কাজ শেষে ঘরে ফিরছিল বাবা-ছেলে। চুয়াডাঙ্গার কুতুবপুর ইউনিয়নে এক পিতার স্বপ্ন আর ছেলের পরিশ্রম থেমে গেল ডাকাতের নির্মম আঘাতে। ফাঁকা মাঠের মাঝখানে ওঁৎ পেতে থাকা ডাকাতদল কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে বাবা ও ছেলেকে। লুট করেছে তাদের সংগ্রহ করা নগদ ৭০–৮০ হাজার টাকা।
বুধবার (৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে কুতুবপুর ইউনিয়নের শিবপুর ও মর্তুজাপুর গ্রামের মাঝামাঝি এলাকায় ঘটে এই ভয়াবহ ঘটনা।
আহতরা হলেন শফিউদ্দীন (৫৫) এবং তার ছেলে জিয়ারুল ইসলাম (২২)-চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা। পেশায় তারা ভ্রাম্যমাণ পোশাক বিক্রেতা। প্রতিদিন বাজারে ঘুরে ঘুরে কাপড় বিক্রি করেন, আর রাত শেষে ভ্যানযোগে বাড়ি ফেরেন।
তারা জানালেন, দশমাইল বাজারে দিনভর কাপড় বিক্রি করে রাত সাড়ে ১০টার দিকে ভ্যানে করে বাড়ির পথে ফিরছিলেন। পথে শিবপুর ও মর্তুজাপুরের মাঝামাঝি ফাঁকা মাঠের ভেতর হঠাৎ রাস্তার ওপর পড়ে থাকা বাঁশের ব্যারিকেডে ধাক্কা খেয়ে উল্টে পড়ে ভ্যান। কিছু বুঝে ওঠার আগেই ৬-৭ জনের এক দল ডাকাত ঘিরে ধরে।
আবছা আলোয় সন্ত্রাসীরা প্রথমেই জিয়ারুলকে কুপিয়ে রক্তাক্ত করে এবং বৃদ্ধ শফিউদ্দীনকে নির্মমভাবে মারধর করে। তাদের কাছে থাকা সারা দিনের বিক্রির নগদ ৭০–৮০ হাজার টাকা লুট করে ডাকাত দল পালিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় স্থানীয় পথচারীরা তাদের উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল কাদের বলেন, “জিয়ারুলের বাম হাতে গভীর ছুরির আঘাত রয়েছে। রক্তক্ষরণ অনেক হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।”
বৃদ্ধ শফিউদ্দীনও মারধরের শিকার হলেও তিনি আপাতত শঙ্কামুক্ত।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, “আমরা প্রাথমিকভাবে ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে জেনেছি। তবে যদি ডাকাতির বিষয়টি প্রমাণিত হয়, তাহলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
তবে ভুক্তভোগী পরিবার বলছে, “এটা কোনো দুর্ঘটনা নয়, স্পষ্ট ডাকাতি। আমরা থানায় অভিযোগ দায়ের করবো।”
এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে সন্ধ্যার পর ওই এলাকায় চলাচলরত ভ্রাম্যমাণ ব্যবসায়ী ও কৃষিজীবীরা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। এলাকাবাসী বলছে, “শিবপুর-মর্তুজাপুরের ফাঁকা জায়গাটা ডাকাতদের নিয়মিত আড্ডা হয়ে উঠেছে। বারবার অনুরোধ করলেও স্থায়ী নজরদারির কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”
পরিশ্রম করে ঘরে ফেরার সময় যদি ফাঁকা রাস্তায় লুকিয়ে থাকে লুটেরা, তাহলে নিরাপত্তা কার কাছে? বাবা-ছেলের রক্ত আর চোখের কান্না এখন শুধুই আইনি ভাষায় 'দুর্ঘটনা'-নাকি এর চেয়ে বড় কিছু? প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, নইলে এই ভয় আবারও কাউকে গিলে খাবে।

 


এ জাতীয় আরো খবর