চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
পবিত্র ঈদ-উল-আজহা উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অবস্থিত রহনপুর রেলবন্দর বুধবার(৪জুন) থেকে আগামী ১৪ জুন (শনিবার) পর্যন্ত টানা ১০ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে এই ১০দিন ভারতের পশ্চিমবঙ্গের সিঙ্গাবাদ রেলবন্দর এবং রহনপুর রেলবন্দর পথে পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। আগামী ১৫ জুন রোববার এই রুটে পণ্যবাহী ট্রেন চলাচল আবারও স্বাভাবিক হবে বলে জানিয়েছে রেল সূত্র।
জানা গেছে, বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক মিহরাবুর রশিদ খান স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি দু’দেশের সংশ্লিস্ট সকল পক্ষকে অবহিত করা হয়েছে। ওই পত্রে উল্লেখ করা হয়, ঈদ উপলক্ষে বাংলাদেশে সরকারি ছুটির কারণে ব্যাংক এবং কাস্টমস বন্ধ থাকায় ৪ থেকে ১৪ জুন পর্যন্ত পণ্যবাহী ট্রেন (র্যাক) চালানো সম্ভব হবে না। তাই ওই সময় ট্রেন না পাঠাতে ভারতীয় কেন্দ্রীয় রেল কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়।
রহনপুর রেলওয়ে ষ্টেশন মাষ্টার মামুনুর রশিদ ১০দিন আমদানী পণ্যবাহী ভারতীয় ট্রেন বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত মঙ্গলবার(৩জুন) ভারত থেকে খইল বা ড্রাই অয়েল কেক-ডিওসি (মাছ,পোল্ট্রি ও পশুখাদ্য) বোঝাই একটি ট্রেন রহনপুরে প্রবেশের পর বন্ধ হয়ে গেছে আমদানী পন্যবাহী ট্রেন চলাচল। আগামী ১৫জুন আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তিনি আরও বলেন,২০২১ সালের পর থেকে এ রুটে নেপাল থেকে ট্রেন আসা বন্ধ রয়েছে।