মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

কালো টাকা সাদা করার সুযোগ 'বৈষম্যমূলক',বাজেট নিয়ে সিপিডির কঠোর সমালোচনা

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৬-০৩ ০১:০৩:০৩

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন এ ব্যবস্থাকে “এক ধরনের বৈষম্য” হিসেবে অভিহিত করেছেন।
সোমবার (২ জুন) বাজেট ঘোষণার পর আয়োজিত তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “কালো টাকা সাদা করার সুযোগ বৈধভাবে আয় করা করদাতাদের প্রতি অবিচার। এতে সৎ নাগরিকদের নিরুৎসাহিত করা হয়, যা রাজস্ব আদায়ের নীতিগত ভিত্তিকে দুর্বল করে।”
তিনি আরও বলেন, এ ধরনের ব্যবস্থায় সরকার খুব বেশি রাজস্বও পাবে না। অতীতেও এ সুযোগের আওতায় উল্লেখযোগ্য সাড়া মেলেনি।
সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ নিয়েও প্রশ্ন তুলেছে সিপিডি। ড. ফাহমিদা বলেন, “পেনশন ও কৃষিভর্তুকিকে সামাজিক সুরক্ষায় অন্তর্ভুক্ত করায় প্রকৃত অর্থে এর জন্য বরাদ্দ কমে গেছে। ফলে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য বাজেটে পর্যাপ্ত সুরক্ষা নিশ্চিত হয়নি।”
সিপিডির পর্যবেক্ষণে বাজেটের সবচেয়ে দুর্বল অংশ হিসেবে উঠে এসেছে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাত। এসব মৌলিক খাতে এডিপি বরাদ্দ তুলনামূলক কম হওয়ায় ভবিষ্যতে মানবসম্পদ উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
সিপিডির মন্তব্য,“শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ না বাড়ালে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হয়ে পড়বে।”
বাজেট বক্তৃতায় রাজস্ব আহরণের উচ্চাকাঙ্ক্ষা থাকলেও বাস্তবতা ভিন্ন বলে মনে করছে সিপিডি। ড. ফাহমিদা বলেন,
“জিডিপির তুলনায় রাজস্ব আহরণ এখনো নিম্নমুখী। করজাল সম্প্রসারণ, ডিজিটাল রেভিনিউ প্রশাসন, এবং কর সংস্কারে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।”
এছাড়া তিনি মনে করেন, করমুক্ত আয়ের সীমা ৩ লাখ ৫০ হাজার থেকে ৩ লাখ ৭৫ হাজারে উন্নীত করাটা ভালো পদক্ষেপ হলেও মূল্যস্ফীতি বিবেচনায় এটি যথেষ্ট নয়।
শুল্ক যৌক্তিককরণ সংক্রান্ত পদক্ষেপকে সিপিডি ইতিবাচক বললেও কিছু শিল্প এই সংস্কারে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে। তবে এ ধরনের সংস্কারকে সময়োপযোগী ও প্রয়োজনীয় হিসেবে স্বীকৃতি দিয়েছে সংস্থাটি।
তবে সিপিডি মনে করে, “শুধু শুল্ক কাঠামো ঠিক করলেই হবে না। Doing Business সূচকে উন্নতি আনতে হবে। পুঁজি বিনিয়োগ ও ব্যবসায়িক পরিবেশ সহজ না হলে টেকসই প্রবৃদ্ধি সম্ভব নয়।”
সিপিডির ভাষ্য, প্রস্তাবিত বাজেটের লক্ষ্য উচ্চাভিলাষী হলেও বাস্তবায়ন কাঠামো দুর্বল। কালো টাকার বৈধতা, অপ্রতুল সামাজিক সুরক্ষা, মানবসম্পদ খাতে কম বরাদ্দ এবং রাজস্ব ব্যবস্থাপনার দুর্বলতা-এসব মিলিয়ে বাজেটের কাঙ্ক্ষিত প্রভাব নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

 


এ জাতীয় আরো খবর