বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

সরকারি কর্মচারীদের জন্য আসছে ‘বিশেষ সুবিধা’:মহার্ঘ ভাতা নিয়ে সরাসরি কিছু না বললেও ইঙ্গিত স্পষ্ট

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৬-০৩ ০০:৪৪:২৩

অন্তর্বর্তী সরকারের ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য ‘বিশেষ সুবিধা’ বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে। যদিও বহুল আলোচিত মহার্ঘ ভাতা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সরাসরি কিছু বলেননি, তবে বাজেট বক্তৃতায় তার ইঙ্গিতে বিষয়টি ফের গুরুত্ব পেয়েছে।
সোমবার (২ জুন) সকালে উপদেষ্টা পরিষদে ৭ লাখ ৯০ হাজার ৯৯৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন ড. সালেহউদ্দিন। বিকালে বাজেট বক্তৃতায় তিনি বলেন, “২০১৫ সালের পর থেকে কোনো নতুন বেতন কাঠামো হয়নি-এমন প্রেক্ষাপটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বাড়ানোর প্রস্তাব করছি।”
এই ঘোষণায় সরাসরি মহার্ঘ ভাতার কথা বলা না হলেও বাজেট বিশ্লেষকদের ধারণা, এতে পরোক্ষভাবে একটি আর্থিক প্রণোদনার বার্তা রয়েছে। কারণ গত কয়েক মাস ধরেই সরকারি কর্মচারীদের বাড়তি আর্থিক সুবিধা নিয়ে আলোচনা চলছিল।
গত ২০ মে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা বলেছিলেন, “মহার্ঘ ভাতার বিষয়টি অ্যাকটিভলি কনসিডার করছি। একটি কমিটি কাজ করছে। মহার্ঘ ভাতা বাস্তবায়নের ভালো সম্ভাবনা রয়েছে, তবে এতে কিছুটা সময় লাগতে পারে।”
তাঁর এমন বক্তব্যের পর থেকেই ধারণা তৈরি হয় যে অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মচারীদের বেতনে নতুন সুবিধা যোগ করতে যাচ্ছে।
বাজেট বক্তৃতায় ‘বিশেষ সুবিধা’র আকার বা সময়সীমা সম্পর্কে নির্দিষ্ট কিছু বলা হয়নি। তবে জনপ্রশাসনের অভ্যন্তরে আলোচনার সূত্র ধরে একজন তথ্য ক্যাডার কর্মকর্তা জানান, “নিয়মিত ৫% ইনক্রিমেন্টের বাইরে অতিরিক্ত আরেকটি আর্থিক সুবিধা যুক্ত হতে পারে। জুলাই থেকে কার্যকর হওয়ার সম্ভাবনাও রয়েছে।”
অর্থাৎ বেতন কাঠামোর পূর্ণ সংস্কার না হলেও, একটি আংশিক আর্থিক সমন্বয় এ বছর থেকেই কার্যকর হতে পারে বলে মনে করা হচ্ছে।
সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো সাধারণত প্রতি পাঁচ বছর অন্তর হালনাগাদ হয়। সর্বশেষ পূর্ণ বেতন কাঠামো বাস্তবায়িত হয় ২০১৫ সালে। এরপর থেকে আর কোনো কাঠামো আসেনি, যা সরকারি কর্মচারীদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি করেছে।
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই এই প্রসঙ্গ আবার আলোচনায় এসেছে। গত বছর সেপ্টেম্বর-অক্টোবরে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা হলেও অর্থনৈতিক বাস্তবতায় তা স্থগিত রাখা হয়। এবার বাজেট বক্তৃতায় তার পুনঃপ্রকাশ দেখা গেল।
তবে সরকারি কর্মচারীদের জন্য অতিরিক্ত সুবিধা দেওয়া নিয়ে রাজনৈতিক সমালোচনাও রয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চলতি বছরের জানুয়ারিতে বলেছিলেন, “এই সময়ে মহার্ঘ ভাতা মূল্যস্ফীতি আরও বাড়াবে। সাধারণ মানুষের আয় না বাড়লে এই সুবিধা বৈষম্য তৈরি করবে।”
বিরোধীদের এই আপত্তিকে উপেক্ষা করেই সম্ভবত অন্তর্বর্তী সরকার কর্মচারীদের প্রণোদনার বিষয়ে এগোচ্ছে। এতে সরকারের লক্ষ্য হতে পারে প্রশাসনের স্থিতি ও কর্মস্পৃহা বজায় রাখা।
বাজেট বক্তৃতায় ড. সালেহউদ্দিন জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব বৃদ্ধি এবং সামষ্টিক স্থিতিশীলতা বজায় রাখাই এই বাজেটের মূল লক্ষ্য। কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়নেও জোর দেওয়া হয়েছে।
তবে একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, “সরকারি কর্মচারীদের প্রণোদনা মানেই জনগণের বোঝা বাড়ানো নয়। বরং এটি প্রশাসনের সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।”
সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ আর্থিক সুবিধার ঘোষণা হলেও, তা যে এক ধরনের মহার্ঘ ভাতার ছায়া, তা এখন অনেকটাই স্পষ্ট। বাজেট বক্তৃতার ভাষা হয়তো কৌশলগতভাবে সংযত, কিন্তু অর্থনৈতিক বাস্তবতায় এর তাৎপর্য গভীর। কর্মচারীদের জন্য এটি হতে পারে আশার বার্তা, আবার ভিন্ন শ্রেণির নাগরিকদের মধ্যে বৈষম্যবোধের জন্ম দেওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

 


এ জাতীয় আরো খবর