মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের নোটিশ,‘২২৭ জনকে হত্যার লাইসেন্স’ অডিওর সূত্র ধরে অবমাননার অভিযোগ

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৫-২৬ ১৫:০১:১৭
ফাইল ছবি

ঢাকা, ২৭ মে ২০২৫:
গত বছরের আলোচিত রাজনৈতিক পরিবর্তনের পর প্রথমবারের মতো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি আদালতে হাজির হওয়ার জন্য নোটিশ জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ‘আদালত অবমাননা’ মামলায় তাকে আগামী ৩ জুন সকাল ১০টায় ট্রাইব্যুনালে সশরীরে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (২৬ মে) দেশের দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করে এ তথ্য জানানো হয়।
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও ক্লিপ-যাতে বলা হয়, “আমার বিরুদ্ধে ২২৭টি হত্যা মামলা হয়েছে, ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি”-এই বক্তব্যের ফরেনসিক বিশ্লেষণ করে তদন্ত সংস্থা নিশ্চিত হয়েছে, এটি শেখ হাসিনার কণ্ঠ। ফরেনসিক প্রতিবেদনটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কর্তৃক যাচাই-বাছাইয়ের পর ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়।
অভিযোগে বলা হয়, ভারতে অবস্থানকালে শেখ হাসিনা এই অডিও বার্তা প্রদান করেন। এতে বিচারকাজের উপর চাপ সৃষ্টি এবং বিচারিক প্রক্রিয়াকে প্রভাবিত করার অপচেষ্টা রয়েছে বলে মত দেয় ট্রাইব্যুনালের তদন্তকারী দল। এ কারণে ৩০ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে ‘আদালত অবমাননার’ অভিযোগ দাখিল করা হয়।
সাবেক প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তার বিরুদ্ধে পরোয়ানা জারি না করে প্রাথমিকভাবে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে হাজিরার সুযোগ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্ধারিত তারিখে আদালতে হাজির না হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বেড়েছে। অনেকে এটিকে 'রাজনৈতিক বিচারিক ব্যবস্থার ব্যবহার' হিসেবে দেখলেও, অন্যপক্ষ বলছে, ‘আইনের শাসনের পথেই এগোচ্ছে দেশ।’ ক্ষমতাচ্যুতির পর থেকে শেখ হাসিনা ভারতের একটি হাসপাতালে অবস্থান করছেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়, যদিও এ বিষয়ে তার পক্ষ থেকে সরাসরি কোনো বক্তব্য আসেনি।
আইন বিশ্লেষকরা বলছেন, “একজন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এ ধরনের আদালত অবমাননার মামলা নজিরবিহীন। তবে আইনের চোখে সবাই সমান-এটাই যদি বার্তা হয়, তাহলে এটি ইতিবাচক। তবে সবকিছু নির্ভর করবে আইনি প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতার ওপর।”

 


এ জাতীয় আরো খবর