বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) কেন্দ্রীয় কমিটির সভায় রাখাইন সীমান্তে করিডোর দেয়া ও চট্টগ্রামের নিউমুরিং টার্মিনাল মার্কিন কোম্পানিকে লীজ দেওয়া দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর আক্রমণ বলে মনে করে শ্রমিক নেতৃবৃন্দ। এহেন চুক্তি আঞ্চলিক ভু-রাজনীতি এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর সাম্রাজ্যবাদী আগ্রাসন নীতির বিশেষ অংশ বিধায় এই সিদ্ধান্ত শ্রমজীবী মানুষের জন্য কোনভাবেই কল্যাণ বয়ে আনবে না। সভায় বলা হয় করিডোর ও টার্মিনাল ইস্যুতে শ্রমিক শ্রেণী তথা জাতীয় স্বার্থ বিরোধী কোন চুক্তি করতে দেওয়া হবে না।
টিইউসির সহ-সভাপতি মাহবুব আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুরুতে বিদ্যমান বিদ্যমান পরিস্থিতি ও সাংগঠনিক রিপোর্ট উত্থাপন করেন টিইউসির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন টিইউসির সহ-সভাপতি তপন দত্ত, সহ-সভাপতি মো: আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, দপ্তর সম্পাদক সাহিদা পারভীন শিখা, অর্থ সম্পাদক কাজী মো: রুহুল আমিন, প্রচার সম্পাদক মোবারক হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান মজনু, আইন ও দরকষাকষি সম্পাদক মোঃ মছিউদদোলা, কেন্দ্রীয় নেতা এডভোকেট মন্টু ঘোষ, এডভোকেট এ,কে আজাদ, ইফতেখার কামাল খান, সিরাজুল ইসলাম, ইদ্রিস আলী, সাদেকুর রহমান শামীম প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ বলেন, দেশে শ্রমিক কর্মচারীদের চাকুরীচ্যুতি, হয়রানী, নির্যাতন বেড়েই চলছে। অতীতের মতো গত ঈদুল ফিতরের সময়েও লক্ষ লক্ষ শ্রমিক-কর্মচারী বকেয়া মজুরি ও ঈদ বোনাস পাওয়া থেকে বঞ্চিত হয়েছে। বকেয়া বেতন বোনাসের জন্য শ্রমিকদেরকে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখতে হচ্ছে। দ্বিপক্ষীয় ত্রিপক্ষীয় চুক্তি, শ্রম উপদেষ্টার ঘোষনা মালিকরা মানছে না। কিন্তু সরকার মালিকদের বিরুদ্ধে তেমন কোন ব্যবস্থা নিচ্ছে না। বন্ধকৃত রাষ্ট্রায়াত্ব পাট, সুতা, বস্র ও চিনিকল আধুনিকায়ন করে চালুর জন্য সরকার কোন পদক্ষেপ গ্রহণ করছেনা।
সভায় বলা হয় দ্রব্যমূল্যের কষাঘাতে শ্রমিক কর্মচারীসহ নিম্নআয়ের মানুষের জীবনে দুর্বিসহ অবস্থা বিরাজ করলেও সরকারের কোন ভ্রুক্ষেপ নেই। শ্রমিকরা দীর্ঘদিন যাবত কলকারখানা ও অঞ্চল ভিত্তিক রেশন এর মাধ্যমে চাল, ডাল, তেল, আটা ও শিশু খাদ্য সরবরাহের দাবি করলেও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেই। বিভিন্ন সেক্টর ভিত্তিক শ্রমিকদের ঘোষিত মজুরি শ্রমিকদের দেয়া হচ্ছেনা। অপ্রাতিষ্ঠানিক খাতের অধিকাংশ শ্রমিকদের শ্রমিক হিসেবে স্বীকৃতি নেই। শ্রম আইনের আওতায় না থাকার কারনে তারা ন্যুনতম সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত। আউটসোর্সিং এ নিয়োগের মাধ্যমে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার ও সার্ভিস বেনিফিটের অধিকার খর্ব করা হচ্ছে। নারী শ্রমিকরা নানাভাবে নির্যাতিত ও নিগৃহীত হচ্ছে।
নেতৃবৃন্দ কর্মক্ষেত্রে ও পরিবারে সকল প্রকার সহিংসতা প্রতিরোধে আইএলও কনভেনশন ১৯০ অনুস্বাক্ষর করার জন্য সরকারের প্রতি আহবান জানান। একইসাথে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ কার্যকর, রেশন, আবাসন ও চিকিৎসাসহ শ্রমজীবী মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের কাছে জোর দাবী জানান। নেতৃবৃন্দ ট্যানারিসহ বিভিন্ন সেক্টরের ঘোষিত মজুরি অবিলম্বে বাস্তবায়নের দাবী জানান।