দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু এবং ‘দ্য ফ্যামিলি ম্যান’ খ্যাত নির্মাতা রাজ নিদিমোরুর মধ্যকার সম্পর্ক ঘিরে বলিউডে জোর গুঞ্জন চলছে।
সামান্থা-রাজ জুটিকে ঘিরে প্রেমের গুঞ্জন চলতি বছরের শুরু থেকেই উঠেছে, আর তা আরও উসকে দিয়েছে কিছু রহস্যময় সামাজিক মাধ্যমে পোস্ট এবং সাম্প্রতিক কিছু ছবি।
প্রথম আলোড়ন তোলে চলতি বছরের ১ ফেব্রুয়ারি, যখন সামান্থা তার ইনস্টাগ্রামে ‘ওয়ার্ল্ড পিকলবল লিগ’-এর কিছু ছবি পোস্ট করেন। ছবিগুলোর একটিতে তাকে রাজ নিদিমোরুর সঙ্গে হাত ধরে থাকতে দেখা যায়।
এই মুহূর্তটি নেটদুনিয়ায় ঝড় তোলে, এবং বলিউডপাড়ায় গুঞ্জনের আগুনে যেন ঘি ঢেলে দেয়।
এরপর থেকে প্রায় নিয়মিতই তাদের একসঙ্গে দেখা যাচ্ছে-কখনও পিকলবল দলের অনুষ্ঠানে, কখনও আবার সামান্থার প্রযোজিত প্রথম সিনেমা ‘শুভম’-এর মুক্তি উদযাপনে। দুজনের একসঙ্গে উপস্থিতি চোখ এড়ায়নি ভক্তদেরও।
এই গুঞ্জনের মধ্যেই নতুন করে আলোচনায় আসে রাজের স্ত্রী শ্যামলী ডি। ইনস্টাগ্রামে তিনি সম্প্রতি কিছু পোস্ট করেছেন, যা অনেকেই মনে করছেন সম্পর্কভিত্তিক সংকেত বহন করে।
একটি স্টোরিতে তিনি লেখেন, “ভালো কাজ করো। মানুষকে সাহায্য করো। সবার সঙ্গে সুবিচার করো।”
আরেকটি পোস্টে শ্যামলী বলেন, “যারা আজ আমাকে ভাবছে, দেখছে, শুনছে, জানছে, বলছে, পড়ছে, লিখছে বা দেখা করছে—তাদের সবার জন্য ভালোবাসা ও আশীর্বাদ।”
এই বার্তাগুলো নিয়ে অনলাইনে তৈরি হয়েছে নানা ব্যাখ্যা। নেটিজেনদের অনেকেই মনে করছেন, এটি স্বামী রাজ ও সামান্থার ঘনিষ্ঠতা নিয়ে একটি নীরব প্রতিবাদ বা অভিমানী বার্তা হতে পারে।
সূত্র বলছে, রাজ ও শ্যামলীর দাম্পত্য সম্পর্কের ফাটল নতুন কিছু নয়। অনেকে দাবি করছেন, ২০২২ সালেই এই দম্পতি আলাদা হয়ে গেছেন, যদিও এ নিয়ে কোনও পক্ষই আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।
এর ফলে সামান্থার সঙ্গে রাজের সম্পর্ককে ঘিরে নানা প্রশ্ন উঠেছে। অনেকে বলছেন, যদি বিচ্ছেদ সত্যি হয়, তাহলে রাজ-সামান্থার সম্পর্ক হয়তো নতুনভাবে প্রকাশ পাবে খুব শিগগিরই।
সামান্থা রুথ প্রভু দক্ষিণ ভারতের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের একজন।
একসময় নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন তিনি। ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা দেন তারা।
অন্যদিকে নাগা চৈতন্য ইতিমধ্যে অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে দ্বিতীয়বার বিয়ে করেছেন ২০২৩ সালের ডিসেম্বরের শুরুতে।
রাজ নিদিমোরু একাধিক সফল ওয়েব সিরিজ ও সিনেমার নির্মাতা হিসেবে খ্যাত। ‘দ্য ফ্যামিলি ম্যান’, ‘ফারজি’, ‘গানস অ্যান্ড গুলাবস’-এই সিরিজগুলোতে তিনি ভারতীয় ওটিটি অঙ্গনে আলাদা একটা ঘরানা তৈরি করেছেন।
রাজ ও সামান্থার ঘনিষ্ঠতা যতই বাড়ছে, ততই প্রশ্ন উঠছে-এটি কি নিছক পেশাগত সহযোগিতা, না কি এক নতুন সম্পর্কের সূচনা?
দুজনের কেউই এখনো তাদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি, তবে ঘন ঘন একসঙ্গে উপস্থিতি এবং ব্যক্তিগত মুহূর্তের ছবি অনেক কিছুই ইঙ্গিত করছে।
বলিউডে যখনই তারকা জুটিকে ঘিরে রহস্য তৈরি হয়, তখন তা নিয়ে চলতে থাকে তীব্র আলোচনা।
সামান্থা-রাজ নিদিমোরু সম্পর্ক এখন সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে।
এখন শুধু সময়ই বলবে-এই সম্পর্ক শুধুই গুঞ্জন, না কি সামনে আরও বড় কিছু অপেক্ষা করছে।