ঢাকা| ১৯ মে ২০২৫
চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার গ্রেপ্তার নিয়ে দেশজুড়ে আলোড়ন চললেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে-আইন অনুযায়ীই হয়েছে সবকিছু। তার নামে মামলা থাকায় গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "ফারিয়ার নামে মামলা থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতেই হবে। যদি নির্দোষ প্রমাণিত হন, তাহলে আদালতই তাকে মুক্তি দেবে।"
বিমানবন্দরে ফারিয়াকে আটক করার বিষয়ে তিনি বলেন, “অনেক সময় এমন হয়-কাউকে না আটকালে বলা হয়, ছাড় দেওয়া হয়েছে। আবার আটক করলে বলা হয়, হয়রানি করা হয়েছে। বিষয়টি নিয়ে দ্বৈত মানসিকতা থাকা ঠিক নয়। যে নীতিমালার আওতায় বিদেশযাত্রা নিষিদ্ধ,সেই নীতিমালাই অনুসরণ করা হয়েছে।”
সম্প্রতি ঘটে যাওয়া ‘জুলাই গণহত্যা’-সংক্রান্ত মামলাগুলোর বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন,
“আইনশৃঙ্খলা বাহিনীকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে-প্রকৃত অপরাধীদেরই যেন গ্রেপ্তার করা হয়, নিরীহ কেউ যেন হয়রানির শিকার না হন।”
স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের সঙ্গে মিল রেখে জানা গেছে, ভাটারা থানায় দায়ের করা একটি ‘হত্যাচেষ্টার মামলার’ সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগেই নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এনামুল হক নামে এক ছাত্রনেতার উপর হামলার অভিযোগ রয়েছে মামলায়।
এই মামলায় তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আগামী ২২ মে তার জামিন শুনানির দিন ধার্য রয়েছে।
নুসরাত ফারিয়ার গ্রেপ্তারে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীর প্রতিক্রিয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “তিনি কী বলেছেন, তা আমি জানি না। তবে প্রতিটি নাগরিকের মতপ্রকাশের অধিকার রয়েছে। এটি তার ব্যক্তিগত মত হতে পারে।”
ফারিয়ার আইনজীবী ও ভক্তদের অভিযোগ, তাকে ‘টার্গেট করে হয়রানি করা হচ্ছে’। তবে সরকার পক্ষ বলছে, আইন-শৃঙ্খলার প্রশ্নে কাউকে ছাড় দেওয়া হবে না, সে যত বড় তারকাই হোক না কেন।
আইন বিশ্লেষকদের মতে, কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করার আগে তদন্তের গতি ও উদ্দেশ্য স্পষ্ট হওয়া জরুরি, নইলে জনমনে সন্দেহ তৈরি হয়।
ফারিয়ার গ্রেপ্তারের ঘটনায় দেশি-বিদেশি মিডিয়ায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। অনেকেই মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার প্রসঙ্গ টেনে তার মুক্তির দাবি তুলেছেন। আবার অনেকে বলছেন, “আইন যদি সত্যিই সবার জন্য সমান হয়, তাহলে মামলা থাকলে নুসরাত ফারিয়াকেও আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতেই হবে।”
ফারিয়া ইস্যু-
বিমানবন্দর থেকে ফারিয়াকে আটক করা হয়
আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়
জামিন শুনানির দিন ২২ মে
ভাটারা থানা: দায়েরকৃত হত্যাচেষ্টা মামলার তদন্ত চলছে