মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

কক্সবাজার থেকে উড্ডয়নরত বিমানের চাকা খুলে পড়ে: ঢাকায় জরুরি অবতরণ প্রস্তুতি,অল্পের জন্য রক্ষা পেল ৭১

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৫-০৫-১৬ ১৪:০৭:১৪
ছবি সংগৃহিত

ঢাকা, ১৬ মে ২০২৫
আকাশে ভাসমান অবস্থায় হঠাৎ খুলে পড়ে যায় বিমানের একটি চাকা-ভয়ানক এই ঘটনায় অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ৭১ জন যাত্রী। শুক্রবার দুপুরে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করা বাংলাদেশ বিমানের বিজি ৪৩৬ ফ্লাইট (ড্যাশ ৮-৪০০)-এর পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়।
দুপুর ১টা ২০ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়ন করে ফ্লাইটটি। কিছু সময়ের মধ্যেই বিমানের পেছনের অংশ থেকে একটি চাকা আলগা হয়ে নিচে পড়ে যায়। কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে কর্মরত টিম প্রথমে বিষয়টি চোখে পড়ে। পরে তারা দ্রুত কন্ট্রোল টাওয়ারের মাধ্যমে ঢাকার কর্তৃপক্ষকে অবহিত করে।
ঘটনার পরপরই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘ইমারজেন্সি অবস্থা’ ঘোষণা করা হয়। রানওয়ের পাশে প্রস্তুত রাখা হয় বাংলাদেশ বিমানের বিশেষ ইঞ্জিনিয়ারিং টিম, দমকল ইউনিট এবং অ্যাম্বুলেন্স।
শিশুসহ ৭১ জন যাত্রী নিয়ে যাত্রা করা ফ্লাইটটির নিরাপদ অবতরণের জন্য গৃহীত হয় সর্বোচ্চ সতর্কতা।
বিমান কর্তৃপক্ষ যা বলছে বাংলাদেশ বিমানের জনসংযোগ মহাব্যবস্থাপক এবিএম রওশন কবীর জানিয়েছেন, “কক্সবাজার থেকে উড্ডয়নের পর পেছনের একটি চাকা খুলে পড়ার ঘটনা ঘটে। যেহেতু এটি একটি টুইন টায়ার্ড ল্যান্ডিং গিয়ার, তাই তাত্ক্ষণিক বিপদের আশঙ্কা কম ছিল, তবে সতর্কতা হিসেবে জরুরি অবতরণ ব্যবস্থা নেওয়া হয়।”
ফ্লাইটটি অবশেষে ঢাকার শাহজালাল বিমানবন্দরে সফলভাবে অবতরণ করে, এবং যাত্রীদের কেউই আহত হননি। ঘটনাটি ঘিরে যাত্রীদের মধ্যে কিছুটা আতঙ্ক দেখা দিলেও পাইলট ও ক্রুদের দক্ষতায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।
ঘটনার পর বিমানটির কারিগরি ত্রুটি ও রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। এয়ারক্রাফট মেইনটেন্যান্স প্রসেস যথাযথ ছিল কি না, তা নিয়ে ইতিমধ্যেই অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে বাংলাদেশ বিমান।
একজন অভিজ্ঞ বিমান প্রযুক্তিবিদ বলেন, “চাকা খসে পড়া ঘটনা অস্বাভাবিক। এটি হয় যান্ত্রিক অবহেলা, নয়তো ল্যান্ডিং গিয়ারের কাঠামোগত ত্রুটির ইঙ্গিত।”
বিমান অবতরণের পর এক যাত্রী বলেন, “আমরা জানতাম না চাকা পড়ে গেছে। অবতরণের কিছুক্ষণ আগে পাইলট আমাদের জানালেন একটু দেরি হবে এবং সবার যেন সিটবেল্ট বাঁধা থাকে। পরেরটা ইতিহাস।”

 


এ জাতীয় আরো খবর