মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

শুভ জন্মদিন অভিনেতা তুষার খান

  • মেসবা খান
  • ২০২৫-০৫-০৯ ২০:৪৭:০৬

বিটিভির ধারাবাহিক নাটকের জামাল-কামাল যুগোলের সেই জামালকে মনে পড়ে? 
জামাল মানে শক্তিমান অভিনেতা তুষার খানের কথা বলছি। ছোটপর্দার পর বড়পর্দায়ও জনপ্রিয়তা পেয়েছিলেন। পরে অবশ্য টিভি নাটকেই বেশি ব্যস্ত থেকেছেন তিনি।
মঞ্চ, সিনেমা এবং নাটক তিন মাধ্যমেই সমানতালে অভিনয় করে দর্শক গ্রহণযোগ্যতা পেয়েছেন অভিনেতা তুষার খান। 
অভিনয় জীবনের তিন যুগ পেরিয়ে চার দশকে পা রেখেছেন। 
১৯৮২ সালে নাট্যদল ‘আরণ্যক’র সাথে নিজেকে সম্পৃক্ত করেন। দলের প্রায় সবগুলো নাটকে অভিনয় করেছেন তিনি। 
নাটকগুলোর মধ্যে রয়েছে - ইবলিশ, ওরা কদম আলী, সমতট, ময়ূর সিংহাসন, জয় জয়ন্তী, অববাহিকা ইত্যাদি। 
শাহ আলম দুলাল পরিচালিত ‘খেলা খেলা’ নাটকের বিভিন্ন মঞ্চায়নে এই নাটকের পাঁচটি চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছিলেন তিনি।
টিভি নাটকে তুষার প্রথম অভিনয় করেন ড. ইনামুল হকের গল্প অবলম্বনে একটি নাটকে। 
১৯৯২ সাল থেকে পেশাদার অভিনেতা হিসেবে তাঁর যাত্রা শুরু হয়। টিভি নাটকে প্রথম সাড়া ফেলেন ‘ইতিকথা’ নাটকে অভিনয় করে। নাটকটি রচনা করেছিলেন মামুনুর রশীদ ও প্রযোজনা করেছিলেন আলাউদ্দিন আহমেদ।
সিনেমায় তিনি প্রথম অভিনয় করেন চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘আজকের প্রতিবাদ’ সিনেমায়। সিনেমায় সাড়া ফেলেন মুহম্মদ হান্নান পরিচালিত সালমান শাহ’র সঙ্গে ‘বিক্ষোভ’ সিনেমায় অভিনয় করে। 
সালমান শাহ’র সঙ্গে পরবর্তীতে আরো বেশকিছু সিনেমায় অভিনয় করেন তুষার। সালমান শাহ’র মৃত্যুতে তাঁর সঙ্গে প্রায় বিশটি সিনেমায় চুক্তিবদ্ধ হওয়া কাজ বন্ধ হয়ে যায়। 
সিনেমা থেকে আবারো টিভি নাটকে ব্যস্ত হয়ে উঠেন তুষার। অভিনয়ের ক্ষেত্রে তুষারের পরিবারের কারোরই তেমন কোন সম্মতি ছিল না।  
তুষার অভিনয় করেছেন ‘আগস্ট ১৯৭৫’ চলচ্চিত্রে। তাঁর পরিচালিত একমাত্র টেলিফিল্ম ‘কচুরিপানা’।
তুষারের গ্রামের বাড়ি বৃহত্তর ময়মনসিংহের টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুরে। তাঁর পুরো নাম আশিকুল ইসলাম খান। জন্ম ৯ মে।
আজকের এই বিশেষ দিনটিতে তাঁর জন্য রইল শুভ কামনা।
 

 


এ জাতীয় আরো খবর