বাংলাদেশ থেকে ২০২৫ সালের (হিজরি ১৪৪৬) পবিত্র হজ পালনে যাত্রার শুভসূচনা হলো। সোমবার (২৮ এপ্রিল) রাতে রাজধানীর আশকোনা হজক্যাম্পে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী আয়োজনে তিনি হজযাত্রীদের উদ্দেশ্যে সৌদি আরবের আইন-কানুন মেনে চলার আহ্বান জানান এবং দেশের সম্মান অক্ষুণ্ণ রাখার অনুরোধ করেন। পাশাপাশি তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী বছর থেকে হজ ব্যবস্থাপনায় আরো যুগান্তকারী পরিবর্তন আসবে, যাতে হাজিরা আরও সহজে ও যৌক্তিক ব্যয়ে হজ পালন করতে পারেন।
সোমবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটে সৌদি এয়ারলাইন্সের (সাউদিয়া) এসভি-৩৮০৩ ফ্লাইটটি প্রথম বাংলাদেশি হজযাত্রীদের নিয়ে ঢাকা ছেড়ে জেদ্দার উদ্দেশ্যে রওনা দেবে। প্রথম ফ্লাইটে যাচ্ছেন ৩৯৮ জন হজযাত্রী। প্রথম দিনে মোট ১০টি ফ্লাইটের মাধ্যমে প্রায় ৪ হাজার ১৮০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছাবেন, যার মধ্যে আটটি ফ্লাইট জেদ্দা ও দুটি মদিনা অভিমুখে পরিচালিত হচ্ছে।
ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনে স্বাগত বক্তব্য দেন হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, সচিব নাসরীন জাহান, সৌদি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আবদুল আজিজ ফাহাদ এম. আল ইব্রাহিম এবং বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবির ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন (হাব) সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও মহাসচিব ফরিদ আহমদ মজুমদার।
অনুষ্ঠানে অংশ নেওয়া দুজন হজযাত্রী সার্বিক হজ ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। পরে হজ কার্যক্রম নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়, যেখানে হাজিদের জন্য সরকারের নেওয়া নানা সুবিধার কথা তুলে ধরা হয়।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী পবিত্র হজ পালন করবেন। এর মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৮১ হাজার ৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন। বাংলাদেশ বিমান, সাউদিয়া এবং ফ্লাইনাস মিলে ২৩২টি প্রাক-হজ ফ্লাইট পরিচালিত হবে। ৩১ মে পর্যন্ত এসব ফ্লাইট চলবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ১০ জুন থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে।
এবারের হজ ব্যবস্থাপনায় হাজিদের জন্য চালু করা হয়েছে একটি বিশেষ মোবাইল অ্যাপ, যার মাধ্যমে যোগাযোগ, জরুরি তথ্য, সেবা ও অবস্থান সংক্রান্ত নানা সুবিধা পাবেন হাজিরা। হাজিদের জন্য হজ প্রিপেইড কার্ড ও মোবাইল সিমের বিশেষ রোমিং সুবিধাও নিশ্চিত করা হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে, পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী ৫ জুন।