রাজধানীর ব্যস্ত মানুষের নির্ভরতার প্রতীক মেট্রোরেল শনিবার (২৬ এপ্রিল) বিকেলে যান্ত্রিক ত্রুটির কারণে চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল ৫টা ১০ মিনিট থেকে ট্রেনগুলো একে একে স্টেশনে থেমে যায়, সৃষ্টি হয় চরম ভোগান্তি।
বিভিন্ন স্টেশনের টিকিট কাউন্টার বন্ধ করে দেওয়া হয় নেটওয়ার্ক সমস্যার কারণে। স্টেশনে আটকা পড়েন শত শত যাত্রী। কাউকে স্টেশন থেকে বের হতে দেওয়া হয়নি, আবার ট্রেনের ভেতর আটকে পড়াদেরও ধীরে ধীরে নামিয়ে আনা হয়।
শাহবাগ ও আগারগাঁওসহ একাধিক স্টেশনের যাত্রীরা জানান, বিকেল সোয়া ৫টার পর আচমকা ট্রেন থেমে যায়। এরপর দীর্ঘ সময় কোনো ঘোষণা ছাড়া অপেক্ষা করতে হয়।
মেট্রোরেল কর্তৃপক্ষের দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে, পাওয়ার ট্রিপের কারণে পুরো নেটওয়ার্কে সমস্যা দেখা দেয়। ঠিক কোথায় কী ধরনের ত্রুটি হয়েছে, তা খুঁজে বের করতে চলছে জরুরি কাজ। দ্রুত সমস্যা চিহ্নিত করে মেট্রোরেল চালু করার জন্য সব প্রচেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তারা।
হঠাৎ এমন বিপর্যয়ে যাত্রীরা যেমন ক্ষুব্ধ, তেমনি উদ্বিগ্নও। কারণ, ঢাকায় মেট্রোরেল এখন অনেকের প্রতিদিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।