বুধবার, আগস্ট ২৬, ২০২৬

অসামাজিক কার্যকলাপের অভিযোগে গোমস্তাপুরে দুটি বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে জনতা

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৪-১৭ ২১:১৮:৪৩
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের  গোমস্তাপুর উপজেলায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে দু’টি বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুদ্ধ জনতা। গত বুধবার(১৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে বোয়ালিয়া ইউনিযনের আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস  আগুন নিয়ন্ত্রণে আনে। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে সেনাবাহিনী ও পুলিশ। তবে এ ঘটনায় কেউ আহত বা আটক হয় নি।  বৃহস্পতিবার(১৭ এপ্রিল) রাত ৯টা পর্যন্ত পুলিশেও কেউ কোন অভিযোগ করে নি।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আলমপুর গ্রামের বেলেনা খাতুনের (৪৫) বিরুদ্ধে  নিজ বাড়িতে অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে। এ ব্যাপারে তাঁকে বারবার নিষেধ করা সত্তেও সে তাতে কান দেয় নি।  বরং সে একাধিকবার মামলা ও পুলিশে অভিযোগ দিয়ে এলাকাবাসীকে হয়রানি করেছে বলে অভিযোগ রয়েছে। এ অবস্থায় বুধবার রাতে  পাশাপাশি বাড়ি দু’টিতে আক্রমন চালিয়ে আগুন লাগিয়ে দেয় বিক্ষুদ্ধ জনতা। এতে বেলেনা খাতুনের মালিকানাধীন একটি চায়ের দেকানসহ কাঁচা বাড়ি ও পাশের একটি পাকা ফ্লাট বাড়ি  ভস্মীভূত হয়। এ সময় বাড়িতে অবস্থানকারীরা পালিয়ে যায়।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) রইস উদ্দিন বলেন, নিজ হাতে আইন তুলে নেয়া কাম্য নয়। তবে অতিষ্ঠ হয়ে  ছাত্রসহ ২/৩ হাজার মানুষ জেলার ভোলাহাট  উপজেলা সীমানার ওই বাড়ি দু’টিতে আগুন দেয় বলে জানা গেছে। দুই উপজেলার মানুষই  এতে যোগ দেয়। পরে রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। 


এ জাতীয় আরো খবর