২০২৩ এর গোড়ার দিকে কথাসাহিত্যিক সেলিনা হোসেনের 'ভালোবাসা প্রীতিলতা' উপন্যাস অবলম্বনে নির্মিত প্রদীপ ঘোষের 'বীরকন্যা প্রীতিলতা' চলচ্চিত্রে বিপ্লবী কল্পনা দত্তের ভুমিকায় অসাধারণ অভিনয় করে রীতিমতো সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন অভিনেত্রি ইন্দ্রাণী ঘটক। চিনিয়ে দিয়েছেন তাঁর প্রকৃত জাত। ছবিটিতে নাম ভুমিকায় তাঁর সহকর্মী ছিলেন ডাকসাইটে অভিনেত্রি নুসরাত ইমরোজ তিশা।
তারও আগে ২০১৯ সালে তিনি অভিনয় করেছেন মোহছেনা ঝর্ণার 'বহে সমান্তরাল' গল্প অবলম্বনে নির্মিত 'শাটল ট্রেন' চলচ্চিত্রে। সেখানে তাঁর চরিত্রের নাম ছিল তিথি।
তাই তো ইন্দ্রাণী এখন আর আবদ্ধ নেই নির্দিষ্ট কোনো বলয়ে। তাঁর ব্যপ্তি ছড়িয়ে পড়েছে মঞ্চ থেকে রূপালি পর্দায়।
ইন্দ্রাণী ঘটক - আপাদমস্তক একজন নাটকের মানুষ। নাট্যসংগঠনের সকলের কাছে আদরের আর স্নেহের পাত্রী। সিলেটের মেয়ে। রূপে গুণে সঙ্গীতে নৃত্যে সংলাপে মোহনীয়। রাজধানীর নাটক পাড়ার বিশেষ পরিচিত ও নন্দিত এক মুখ।
পড়াশোনা করেছেন সিলেট সরকারি অগ্রগামী গার্লস হাইস্কুল এন্ড কলেজে ও সিলেট উইমেন্স কলেজে। পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটে। জড়িত আছেন বৃটিশ কাউন্সিলে।
আজ ১৬ এপ্রিল উদারচিত্তের ভালো মানুষ ইন্দ্রাণী ঘটকের জন্মদিন। আজকের দিনেরই কোনও এক মাহেন্দ্রক্ষণে এই ধূলির ধরায় আবির্ভাব হয়েছিল তাঁর।
ইন্দ্রাণী নামের অর্থ যদি সফল বা বিজয়ী হয়ে থাকে তবে তাঁর আগামির সেই সফলতা কেউ ঠেকিয়ে রাখতে পারবেনা। গুটি গুটি পায়ে শিল্প সংস্কৃতির কাঁটা বিছানো ভুবনে পথ চলা ইন্দ্রাণীর মাথায় উঠুক বিজয়ের মুকুট।
আজকের এই বিশেষ দিনটিতে তাঁর জন্য রইল শুভ কামনা।