অভিনেতা ফারুক আহমেদের জন্ম ২৫ মার্চ।
মানিকগঞ্জে জন্ম নেওয়া ফারুক আহমেদ স্থানীয় 'তালুকনগর থিয়েটার' এ দীর্ঘদিন অভিনয় করেছেন।
এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবস্থায় জাকসুর একটি কর্মশালায় অংশ নিয়ে পুরোপুরি নাটকের সঙ্গে জড়িয়ে পড়েন। গঠন করেন 'জাহাঙ্গীরনগর থিয়েটার'।
তিনি 'ঢাকা থিয়েটার' এর সঙ্গে যুক্ত হন ১৯৮৩ সালে। এ দলের হয়ে 'মুনতাসির ফ্যান্টাসি', 'কীর্তনখোলা', 'কেরামত মঙ্গল', 'বনপাংশুল', 'প্রাচ্য', 'হাত হদাই', 'যৈবতী কন্যার মন', 'ভূত', 'একাত্তরের পালা', 'চাকা' প্রভৃতি নাটকে অভিনয় করেন।
টেলিভিশনের নাটকে এসে দারুণ জনপ্রিয়তা পান ফারুক। হুমায়ূন আহমেদের সৃষ্ট অনেক জনপ্রিয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। তাঁদের মধ্যে ছিল মধুর সম্পর্ক। এই ভালোবাসার বহিঃপ্রকাশ স্বরূপ হুমায়ূন আহমেদ তাঁর 'নিলুয়া বাতাস' উপন্যাস খানি তাঁকে উৎসর্গ করেছিলেন।
অভিনয়ের পাশাপাশি ফারুক আহমেদ নাটক নির্মাণ ও রচনায় রচনায় সিদ্ধহস্ত।
তাঁর লেখা নাটকের মধ্যে রয়েছে 'কালসাপের দংশন', 'উচ্চ বংশ পাত্র চাই', 'দুই বাসিন্দা' ও 'বিয়ে কাটা' উল্লেখযোগ্য। পরিচালিত নাটক গুলির মধ্যে রয়েছে 'পানি পড়া' ও 'ডিগবাজি' প্রভৃতি।
সময়ের সাথে তাল মিলিয়ে এখনো তিনি সমানতালে অভিনয় ও বিজ্ঞাপন চিত্রে কাজ করে চলেছেন।
আজকের এই বিশেষ দিনটিতে তাঁর জন্য রইল শুভ কামনা।