দলের মঙ্গলের কথা চিন্তা করেই বাংলাদেশের একদিনের ক্রিকেট দলের অধিনায়কত্ব ছাড়লেন তামিম ইকবাল। চোটের কারণে খেলতে পারবেন না আসন্ন এশিয়া কাপ ক্রিকেটেও। তবে সুস্থ হলে খেলবেন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে এবং বিশ্বকাপে। গুলশানে বিসিবি সভাপতির বাসভবনে সাংবাদিকদের একথা জানিয়েছেন তামিম। দলের মঙ্গলের কথা চিন্তা করেই অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। এদিকে, এশিয়া কাপ ও বিশ্বকাপ ক্রিকেটে ওয়ানডে দলের অধিনায়কত্ব কে করবেন, সেটা এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
ইনজুরির কারণে জাতীয় ক্রিকেট দলে দীর্ঘদিন ধরেই অনিয়মিত হয়ে আছেন তামিম ইকবাল। গত মাসে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একদিনের ক্রিকেট সিরিজ চলাকালে আকস্মিক ভাবেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নেন তিনি। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে অবসর থেকে ক্রিকেটে ফেরার কথা জানান।
পিঠের ইনজুরির কারণে সম্প্রতি লন্ডনে গিয়ে চিকিৎসা করিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ এই ক্রিকেটার। লন্ডন থেকে ফিরে বৃহস্পতিবার সন্ধ্যায় বিসিবি সভাপতির গুলশানের বাসভবনে সাক্ষাত করেন তামিম ইকবাল। ঘন্টা খানেকের সভা শেষে তামিম ইকবাল জানালেন ওয়ানডে দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার কথা।
ইনজুরির কারণে তার পক্ষে এশিয়া কাপ ক্রিকেটেও খেলা সম্ভব হচ্ছে না। সুস্থ হলে বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ ও পরে বিশ্বকাপে খেলার কথা জানান তিনি।
বিসিবির চিকিৎসকদের সাথে পরামর্শ করেই আসন্ন এশিয়া কাপ ক্রিকেটে তামিম ইকবালকে খেলার জন্য চাপ দেয়া হয়নি বলে জানিয়েছেন বিসিবির পরিচালক জালাল ইউনুস।
অধিনায়ক হিসেবে না থাকলেও তামিম সুস্থ হয়ে বিশ্বকাপের আগেই ফিট হয়ে উঠবেন বলে আশাবাদী বিসিবি সভাপতিনাজমুল হাসান। নতুন অধিনায়ক কে হবেন সেটা নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে বলেও জানান তিনি।
অধিনায়কত্ব ছাড়লেও খেলোয়াড় হিসেবে দলে অবদান রাখতে চান তামিম ইকবাল।