মঙ্গলবার, মে ২৬, ২০২৬

শুভ জন্মদিন সঙ্গীতশিল্পী সামিরা আব্বাসী

  • মেসবা খান
  • ২০২৫-০৩-১৫ ০০:৫৮:৫১

বিখ্যাত এবং বনেদি এক সংস্কৃতিমনা পরিবারের মেয়ে তিনি। পিতা লোকসংগীতের সাধক মুস্তাফা জামান আব্বাসী। মাতা শিক্ষাবিদ ও লেখিকা আসমা আব্বাসী। তাঁর আরেক বোনের নাম শারমিনী আব্বাসী। সঙ্গীতের কিংবদন্তি ফেরদৌসী রহমানের ভাতিজি ও সঙ্গীতশিল্পী নাশিদ কামালের চাচাতো বোন তিনি।
তবে সবকিছুকে ছাপিয়ে তাঁর বড় পরিচয় তিনি উপমহাদেশের বিখ্যাত ভাওয়াইয়া শিল্পী আব্বাসউদ্দিন আহমেদের পৌত্রি।
সামিরা নজরুলসঙ্গীত ছাড়াও আধুনিক ও লোকসংগীত পরিবেশন করে থাকেন। সঙ্গীতশিল্পী ছাড়াও তাঁর আরও কয়েকটি পরিচয় আছে - তিনি ভালো মানের একজন প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা, গবেষক এবং কবি।
সামিরা আব্বাসী ছোটবেলা থেকেই বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত একজন শিল্পী। একসময় অনুষ্ঠান সঞ্চালক হিসেবে খ্যাতি কুড়িয়েছেন বিটিভি ওয়ার্লড এ।
চ্যানেল আইয়ের তালিকাভুক্ত শিল্পী সামিরা 'আব্বাসউদ্দিন মিউজিক একাডেমি' এর প্রতিষ্ঠাতা ও কর্ণধার। বাংলাদেশ টেলিভিশনের ন্যাশনাল ডিবেট কমপিটিশনে চাম্পিয়ন হয়েছিলেন তিনি আশির দশকের গোড়ার দিকে।
সঙ্গীতের পাশাপাশি শিল্পী সামিরা আব্বাসী নিজেকে সম্পৃক্ত রেখেছেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে। তারই ধারাবাহিকতায় তিনি দায়িত্ব পালন করছেন 'মাদার এন্ড চাইল্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন' এর সভাপতি হিসেবে। এছাড়া তিনি বাংলাদেশ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের ভাইস প্রেসিডেন্টও।
এছাড়াও তিনি ফ্লোরিডা বাংলা টিভির সিনিয়র উপদেষ্টা এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সম্প্রচারিত একটি সাপ্তাহিক সংগীতানুষ্ঠানের উপস্থাপক। শিকাগোতে তিনি প্রতিষ্ঠা করেছেন আব্বাসউদ্দিন মিউজিক একাডেমি।
পেশায় ইঞ্জিনিয়ার সামিরা তাঁর কাজের স্বীকৃতি হিসেবে অর্জন করেছেন 'আলোকিত নারী সম্মাননা ২০২৪'।
১৪ মার্চ বহুমাত্রিক সামিরার জন্মদিন। পড়াশোনা করেছেন তিনি জন্স হপকিনস বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে সপরিবারে তিনি বসবাস করছেন ফ্লোরিডার মিয়ামি তে।
ভালো কাটুক শিল্পী সামিরার আগামির দিনগুলো। অব্যাহত থাকুক তাঁর মতো তৃতীয় প্রজন্মের মাধ্যমে বিখ্যাত পরিবারের সঙ্গীতের ধারাবাহিকতা।
আজকের এই বিশেষ দিনটিতে তাঁর জন্য রইল শুভ কামনা ।

 


এ জাতীয় আরো খবর