বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

স্মরণ-দেশের প্রথম নারী পরিচালক রেবেকা

  • মেসবা খান
  • ২০২৫-০৩-১১ ২০:৪৩:৫৬

কখনো তিনি রাত্রি রায়, কখনো বা রেবেকা। তবে তাঁর প্রকৃত নাম মনজর আরা বেগম। ডাক নাম বকুল। 
রেবেকা একাধারে একজন কবি, ভাস্কর, অভিনেত্রি ও পরিচালক। 
রেবেকা ছিলেন একজন প্রকৃত শিল্পী। পাথর কেটে মাটি ছেনে কাঠ কুঁদে সৃষ্টি করেছেন লাবন্যময় দ্যুতিময় মানব মানবী, অমূর্তকে অপরূপে রূপদান করেছেন তিনি। সেই মেধাবী আঙুলেরই সৃষ্টি 'ব্যাকুল বৃষ্টির ঠোঁটে'। এটি ছিল তাঁর প্রথম কাব্য প্রয়াস।
১৯৭০ সালে 'বিন্দু থেকে বৃত্ত' চলচ্চিত্র নির্মান করে এদেশের প্রথম নারী চলচ্চিত্র পরিচালক হিসেবে যথেষ্ট সমাদৃত হয়েছিলেন তিনি। ছবিটিতে তিনি অভিনয়ও করেছেন। 
সারা পাকিস্তানে ছবিটি ব্যাপক প্রসংশা কুড়িয়েছিল সেসময়।
জন্ম ১১ মার্চ ১৯৪১ সালে পাবনার হায়দারপুরের পৈলানপুরে। পিতা শেখ বাহাদুর আলী ছিলেন পাবনা শহরের কংগ্রেস নেতা। পেশায় ছিলেন জজ কোর্টের জুরি। পাশাপাশি ছিলেন সংস্কৃতিমনা। নাটক করতেন।
১৯৬৪ সালে মুক্তিপ্রাপ্ত জিল্লুর রহিম পরিচালিত ‘এইতো জীবন’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে রেবেকার।
রেবেকা অভিনীত অন্যান্য ছবিগুলো হলো - মালা, বাহানা, উলঝন, ছোট সাহেব, ডাকবাবু, ১৩নং ফেকু ওস্তাগার লেন, আগুন নিয়ে খেলা, মানুষ অমানুষ, শনিবারের চিঠি, বিন্দু থেকে বৃত্ত, প্রভৃতি।
কর্মের স্বীকৃতি হিসেবে তেমন বিশেষ কোনো পুরস্কার পাননি রেবেকা। 
১৯৬৬ সালে ‘মালা’ ছবির জন্য লিও ফিল্মস প্রদত্ত সম্মাননা স্মারক, ১৯৯৫ সালে চলচ্চিত্রের শতবর্ষপূর্তি উপলক্ষে সম্মাননা স্মারক এবং সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য পাবনা কমিউনিটি ক্লিনিক কর্তৃক প্রদত্ত স্বর্ণপদক লাভ করেন ২০০৩ সালে।
পাবনারই সন্তান খবির উদ্দিনের সাথে  বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। তাঁর দুই পুত্র এবং এক কন্যা সন্তান রয়েছে। 
বিষাদময় জীবনের একপর্যায়ে নিজেই স্বামীকে পরিত্যাগ করেন। পরবর্তীতে তিনি দ্বিতীয় দার পরিগ্রহণ করেন জনৈক হারুন নামের একজনের সাথে। সেখানেও সুখি হতে পারেননি তিনি। 
একসময় তাঁর নাম তিনি নিজেই ঠিক করেছিলেন রেবেকা। যার অর্থ অস্তিত্ব নেই, অবস্থান আছে। 
৩ আগস্ট ২০০৭ সালে পরিচালক রেবেকা মৃত্যুবরণ করেন। শ্রদ্ধাঞ্জলি।
 


এ জাতীয় আরো খবর