চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
গত ৫জানুয়ারী থেকে ৮ জানুয়ারী পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তে বিএসএফ’র বেআইনীভাবে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে তীব্র উত্তেজনা এবং বিজিবি ও স্থানীয়দের তীব্র বাধার মুখে নির্মাণ বন্ধের পর একই ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কিরনগঞ্জ সীমান্তে ভারতীয়দের গমা কাটা নিয়ে দু’দেশের নাগরিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,শনিবার(১৮ জানুয়ারী) সকাল ১১টার দিকে শুরু হওয়া সংঘর্ষে বিএসএফ’র জড়ানোর অভিযোগ পাওয়া গেলেও বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলমান সংঘর্ষে বিজিবি’র সংশ্ষ্টিতার কোন তথ্য পাওয়া যায় নি। সংঘর্ষে তেমন হতাহতের কোনও তথ্যও পাওয়া যায় নি। তবে দু’দেশের বাসিন্দাদের উত্তেজনা ও সংঘর্ষ চলাকালে বিএসএফ’র গুলিবর্ষণ ও গ্যাস বোমা বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের পর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সং¤িøস্ট ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ রুহুল আমীন বলেন,সকালে কিরনগঞ্জ বিওপি থেকে প্রায় আধা কিলোমিটার দুরে বৌ বাজার এলাকার বাংলাদেশী এক নারী গবাদিপশুর খাদ্যের জন্য কাঁটাতারের বেড়ার এপাশে বাংলাদেশের দিকে ভারতীয় ভুখন্ডে ভারতীয়দের গম কেটে ফেললে ঘটনার সূত্রপাত ঘটে। এতে ওই জমির মালিক এলাকাবাসীকে নিয়ে ওই নারীকে আটক করে। খবর পেয়ে বাংলাদেশী নাগরিকরা ভারতীয়দের উপর চড়াও হয়ে ওই নারীকে উদ্ধার করে নিয়ে আসে। এরপর ব্এিসএফ ও ভারতীয়রা বাংলাদেশী ভূখন্ডে প্রবেশ করে গাছ কাটে। বিএসএফ ফাঁকা গুলি ছুঁড়ে ও গ্যাস বম্ব নিক্ষেপ করে। এ ঘটনার পর শুণ্যরেখার দু’পাশে অবস্থান নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। ঢিল ছোঁড়াছুড়ি শুরু হয়। দু’দেশের জনগন পরস্পর বিরোধি ¤েøাগান দিতে থাকে। স্থানীয়রা ছাড়াও ভীড় করে বিভিন্ন স্থান থেকে আসা উৎসুক ও কৌতুহলী বহু মানুষ। তবে শুন্যরেখা অতিক্রম করে নি দু’দেশের কেউ। চেয়ারম্যান আরও বলেন, ওই সীমান্তে দু’দেশের জনগণের বসবাস কাছাকাছি। মাইকিং করে বাংলাদেশীদের সীমান্তে যেতে বারণ করা সত্তেও তারা কথা না শোনায় এমন অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
সংশ্লিষ্ট ইউপি সদস্য কামাল উদ্দিন বলেন, বিএসএফ এর সহযোগিতায় ভারতীয়রা বাংলাদেশের আম বাগান, বরই গাছ, ভুট্টা ক্ষেত নষ্ট করেছে। বিএসএফ গ্যাস বম্ব ফুটিয়েছে। দু’দেশের নাগরিকরা দু’দিকে অবস্থান নিয়ে পাথর ছোঁড়াছুড়ি করছে। কাঁটাতারের বেড়ার গেট খুলে ভারতীয়রা বাাংলাদেশের ভেতর ঢুকে পড়ে। তারা সড়ক তৈরির জন্য নিয়ে আসা পাথর ছুঁড়েছে। বাংলাদেশীরাও জবাব দিয়েছে। দু’দেশের জনগন মুখোমুখি অবস্থান নেয়।
ঘটনাস্থলে উপস্থিত থাকা শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম কিবরিয়া বলেন, দু’দেশের নাগরিকরা সংঘর্ষে জড়িয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯’বিজিবি) অধিনায়ক লে.কর্নেল গোলাম কিবরিয়া বলেন, বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। বিকাল সোয়া ৪টার দিকে তিনি ভারতীয় ১১৯ ব্যাটালিয়নের কর্মকর্তাদের সাথে পতাকা বৈঠক করেছেন। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এর বাইরে বিজিবি’র বক্তব্য পাওয়া যায় নি। পতাকা বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে তাও জানা যায় নি। তবে এ ব্যাপারে পরবর্তীতে বিজিবি’র আনুষ্ঠানিক ও বিস্তারিত বক্তব্য এবং প্রতিক্রিয়া জাননো হবে বলে জাননো হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ৫ জানুয়ারী থেকে ৮ জানূয়ারী পর্যন্ত টানা চারদিন একই ইউনিয়নের চৌকা সীমান্তে তীব্র উত্তেজনা বিরাজ করে। ব্এিসএফ স্থানীয়দের সহায়তায় আন্তর্জাতিক আইন ভঙ্গ করে অবৈধস্থানে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে এ উত্তেজনার সৃষ্টি হয়। তবে বিজিবি ও স্থানীয় বাংলাদেশীদের তীব্র বাধার মুখে বিএসএফ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়।