চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় র্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে নিজেকে বাংলাদেশ বিমান বাহিনীর একজন গ্রæপ ক্যাপ্টেন হিসেবে মিথ্যা পরিচয়দানকারী শাহরিয়ার সুলতান বাবু(৪১) নামে এক ব্যাক্তি গ্রেপ্তার হয়েছেন। একই সাথে গ্রেপ্তার হয়েছেন আবু সালেহ বায়েজিদ(২৬) নামে তার এক সহযোগী। বৃহস্পতিবার(৯জানুয়ারী) সকাল সোয়া ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বুধবার(৮জানুয়ারী) বিকাল ৫টার দিকে পেয়ারা বাগান নামক স্থানে অভিযান চালিয়ে ওই দু’জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহরিয়ার পেয়ারা বাগান শ্মশানঘাট এলাকার মৃত সুলতান আহমেদের ছেলে ও বায়েজিদ সদর উপজেলার তারুনবাড়ী এলাকার সাদেকুল ইসলামের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শাহরিয়ার সুলতান বাবু গত কয়েকদিন যাবৎ চাঁপাইনবাবগঞ্জ সেনাক্যাম্পে ফোনে যোগাযোগ করছিলেন। এ সময় তিনি নিজেকে বিমান বাহিনীর একজন অবসরপ্রাপ্ত গ্রæপ ক্যাপ্টেন হিসেবে পরিচয় দিয়ে নিজের ও সহযোগীর একটি পারিবারিক সমস্যা সমাধানে সেনাবাহিনীর সাহায্য চান। পরে গত বুধবার(৮জানুয়ারী) তিনি পারিবারিক সমস্যার কথা বলতে সেনাক্যাম্পে আসেন। ক্যাম্পে সেনা সদস্যদের সাথে কথা বলার সময় তার দেয়া তথ্য ও পরিচয় সম্পর্কে যথেষ্ট সন্দেহের সৃষ্টি হয়।
এ সময় প্রাথমিক জিজ্ঞাসবাদে জানা যায়,ওই ব্যাক্তির বাবা বিমান বাহিনীর একজন অবসরপ্রাপ্ত মাষ্টার ওয়ারেন্ট অফিসার এবং বড়ভাই ছিলেন বিমান বাহিনীর একজন চাকুরিচ্যূত সার্জেন্ট। সেনাবাহিনী ও র্যাব সদস্যরা বিস্তারিত তদন্তের জন্য তার বাড়ির এলাকায় গেলে তার দেয়া সকল তথ্য ও পরিচয় মিথ্যা প্রমাণিত হয়। পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের জন্য দু’জনকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার দুপুরে সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) রইস উদ্দিন বলেন,শাহরিয়ার নিজের মিথ্যা পরিচয় দেয়। দু’জনকে ১৫১ ধারায় আদালতে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন।