রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গত ২৪ ঘণ্টার অভিযানে ৫১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন অভিযোগে এ সময়ে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বিভিন্ন সামগ্রী জব্দ করেছে পুলিশ।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৪৮ জন রয়েছেন। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৯৩, লালবাগে ৬১, ওয়ারীতে ৫৪, রমনায় ৪৮, গুলশানে ৩৭, মতিঝিলে ৩৫ এবং উত্তরা বিভাগে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা পুলিশ ৯ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে।
অভিযান চলাকালে ১১ হাজার ৭০১টি ইয়াবা বড়ি, ২ কেজি ৮৫০ গ্রাম গাঁজা এবং ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির ৪ হাজার ৬৩৬ টাকা, একটি মোটরসাইকেল ও পাঁচটি মুঠোফোন জব্দ করা হয়েছে। পাশাপাশি একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের পাশাপাশি মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ডিএমপি, গ্রেপ্তার, মাদক উদ্ধার