সোমবার, মে ২৫, ২০২৬

৯২ বছর বয়সেও অষ্টম মেয়াদে শপথ নিলেন ক্যামেরুনের প্রেসিডেন্ট পল বিয়া

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১১-০৭ ১৮:৫৭:৩৬
ছবি: সংগৃহীত।

আফ্রিকার দীর্ঘতম সময় ধরে ক্ষমতায় থাকা নেতাদের একজন,ক্যামেরুনের প্রেসিডেন্ট পল বিয়া টানা অষ্টম মেয়াদে শপথ নিয়েছেন। ৯২ বছর বয়সেও তিনি দেশের নেতৃত্ব ধরে রাখলেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচনের পর চলমান সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটিয়ে দেশে শান্তি ফিরিয়ে আনবেন।
রাজধানী ইয়াউন্দের সংসদ ভবনে আয়োজিত শপথ অনুষ্ঠানে বিয়া বলেন, “আমি আপনাদের আশ্বস্ত করতে পারি-আমাদের দেশে শৃঙ্খলা ও স্থিতিশীলতা ফিরবে। যারা বিশৃঙ্খলা ছড়াতে চায়, তারা জাতির শত্রু।”
তিনি আরও বলেন, “এই সহিংসতা দায়িত্বজ্ঞানহীন কিছু রাজনীতিবিদের প্ররোচনায় হয়েছে, তবে ক্যামেরুন ঐক্যবদ্ধ থেকে এগিয়ে যাবে।”
সরকারি ফলাফলে দেখা গেছে, বিয়া পেয়েছেন ৫৪ শতাংশ ভোট, আর তার প্রতিদ্বন্দ্বী ইসা শিরোমা বাকারী পেয়েছেন ৩৫ শতাংশ ভোট। যদিও বিরোধীরা ফল প্রত্যাখ্যান করে অভিযোগ করেছে-ভোটে ব্যাপক জালিয়াতি হয়েছে। এ নিয়ে দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে, যেখানে অন্তত ১৪ জন নিহত এবং ১,২০০ জনের বেশি গ্রেফতার হয়েছেন। মানবাধিকার সংগঠনগুলোর দাবি,প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে।
শপথ অনুষ্ঠানে প্রেসিডেন্ট বিয়া নিরাপত্তা বাহিনীকে “জাতীয় স্থিতিশীলতা বজায় রাখার জন্য” অভিনন্দন জানান, তবে তাদের বিরুদ্ধে ওঠা অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেননি।
তিনি নাগরিকদের উদ্দেশে বলেন, “নির্বাচন এখন অতীত। আমাদের এখন ঐক্যবদ্ধ হয়ে একটি সমৃদ্ধ, নিরাপদ ও আধুনিক ক্যামেরুন গড়তে হবে।”
বিয়া আরও জানান, তার নতুন মেয়াদে নারী ও তরুণদের উন্নয়ন এবং দুর্নীতি দমন হবে অগ্রাধিকারের তালিকায়।
১৯৮২ সালে ক্ষমতায় আসা এই নেতা চার দশকেরও বেশি সময় ধরে ক্যামেরুন শাসন করছেন। সমালোচকদের মতে, বিয়া একনায়কতান্ত্রিক শাসনের মাধ্যমে ক্ষমতা ধরে রেখেছেন, যদিও তিনি দাবি করেন-“দেশে স্থিতিশীলতা ও উন্নয়নই তাঁর শাসনের মূল লক্ষ্য।”

কীওয়ার্ডস:
পল বিয়া,ক্যামেরুন নির্বাচন,অষ্টম মেয়াদ


এ জাতীয় আরো খবর