সোমবার, মে ২৫, ২০২৬

মার্কিন রাজনীতিতে যুগের অবসান: চার দশকের নেতৃত্ব শেষে অবসরে ন্যান্সি পেলোসি

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১১-০৭ ০৯:৪৪:৫৭
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এক ঐতিহাসিক অধ্যায়ের অবসান ঘটাতে যাচ্ছেন ডেমোক্র্যাট দলের কিংবদন্তি নেত্রী ন্যান্সি পেলোসি। চার দশকেরও বেশি সময় ধরে কংগ্রেসে নেতৃত্ব দেওয়া এই অভিজ্ঞ রাজনীতিক ঘোষণা দিয়েছেন, তিনি আর পুনর্নির্বাচনে অংশ নেবেন না।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রকাশিত এক ভিডিও বার্তায় ৮৫ বছর বয়সী পেলোসি জানান, ২০২৭ সালের জানুয়ারিতে তার বর্তমান মেয়াদ শেষ হওয়ার পর রাজনীতি থেকে অবসর নেবেন। বিবিসি জানিয়েছে, এটি যুক্তরাষ্ট্রের কংগ্রেস ইতিহাসে এক যুগের সমাপ্তি নির্দেশ করছে।
ভিডিও বার্তায় পেলোসি বলেন, “আমরা ইতিহাস গড়েছি, গণতন্ত্র রক্ষায় অগ্রগতি অর্জন করেছি। এখন সময় এসেছে নতুন প্রজন্মের নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তরের।” সান ফ্রান্সিসকোবাসীদের উদ্দেশে তিনি আরও বলেন, “তোমরা তোমাদের শক্তি জানো, সেটিই তোমাদের সবচেয়ে বড় সম্পদ।”
১৯৮৭ সালে প্রথমবার কংগ্রেসে নির্বাচিত হন পেলোসি। এরপর দ্রুতই ডেমোক্র্যাট নেতৃত্বে উঠে এসে ২০০৭ সালে মার্কিন ইতিহাসের প্রথম নারী স্পিকার হন। ২০১১ সাল পর্যন্ত দায়িত্ব পালনের পর ২০১৯ সালে আবারও স্পিকার পদে ফেরেন এবং ২০২৩ পর্যন্ত নেতৃত্ব দেন।
তার দীর্ঘ রাজনৈতিক জীবনে পেলোসি বারাক ওবামার স্বাস্থ্যসেবা সংস্কার, জো বাইডেনের জলবায়ু পরিবর্তন ও অবকাঠামো সংস্কার আইনসহ নানা ঐতিহাসিক সিদ্ধান্তে মুখ্য ভূমিকা রাখেন। একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সময় তিনি ছিলেন রিপাবলিকানদের অন্যতম প্রধান সমালোচক—বিশেষত ২০২০ সালে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ট্রাম্পের ভাষণপত্র ছিঁড়ে ফেলার ঘটনায় তিনি ব্যাপক আলোচিত হন।
তার অবসরের ঘোষণায় ট্রাম্প প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “আমি খুশি যে সে অবসর নিচ্ছে। সে ছিল এক ভয়ঙ্কর নারী, তার বিদায় দেশটির জন্য মঙ্গল।”
ন্যান্সি পেলোসি মার্কিন রাজনীতিতে কেবল একজন নেত্রী নন-তিনি নারীর নেতৃত্বের এক প্রতীক। তার অবসরের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কংগ্রেস হারাবে এক দীর্ঘ অভিজ্ঞতার আলোকবর্তিকা।

কীওয়ার্ড:
১. ন্যান্সি পেলোসি অবসর
২. মার্কিন কংগ্রেস
৩. ডেমোক্র্যাট নেতৃত্ব


এ জাতীয় আরো খবর