সোমবার, আগস্ট ১৭, ২০২৬

গোপালগঞ্জে "সামরিক অভিযান" ভিডিও ভুয়া: পুরোনো অভিযানের দৃশ্য ছড়ানো হচ্ছে বিভ্রান্তি

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৫-০৭-১৭ ১৯:৫১:২৫
ফাইল ছবি

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয়, গোপালগঞ্জে কারফিউ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী সামরিক অভিযান চালিয়েছে। তবে ভিডিওটি সঠিক নয়, বরং এটি ঢাকার মোহাম্মদপুরে যৌথবাহিনীর পুরোনো অভিযানের দৃশ্য-এমনটাই নিশ্চিত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেক ও মিডিয়া গবেষণা দল ‘বাংলা ফ্যাক্ট’।
‘বাংলা ফ্যাক্ট’ ভিডিওটির রিভার্স ইমেজ সার্চ এবং গণমাধ্যমের তথ্য যাচাই করে নিশ্চিত করে যে, এটি ২২ ফেব্রুয়ারি সময় টেলিভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও ক্লিপ। সেখানে স্পষ্টভাবে উল্লেখ আছে, এটি মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় যৌথবাহিনীর অভিযানের সময় ধারণকৃত দৃশ্য।
তদুপরি, ২০ ফেব্রুয়ারি দ্য ডেইলি স্টার-এ প্রকাশিত প্রতিবেদনে ঘটনার বিস্তারিত বিবরণ রয়েছে। সেই অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্ত অপরাধীদের আত্মসমর্পণের আহ্বান জানালে গুলিবিনিময় শুরু হয়। উভয়পক্ষের গুলিতে ২ জন নিহত এবং ৫ জন গ্রেপ্তার হয়।
বাংলা ফ্যাক্টের মতে, পুরনো ভিডিওকে সাম্প্রতিক ঘটনার সঙ্গে মিশিয়ে ছড়ানো হয়েছিল। মূল লক্ষ্য ছিল জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করা এবং রাজনৈতিক উত্তেজনা বাড়ানো।
উল্লেখ্য, ১৬ জুলাই গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি পদযাত্রা ও সমাবেশে হামলার ঘটনা ঘটে। এনসিপির অভিযোগ অনুযায়ী, এতে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত ছিল। সহিংসতার জেরে জেলা প্রশাসন গোপালগঞ্জে কারফিউ জারি করে।
এ অবস্থায় কারফিউ চলাকালে “সেনা অভিযান চালানো হয়েছে” বলে ফেসবুকে ভিডিও ছড়ানো হয়, যার ফলে জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি হয়।
বাংলাদেশে গুজব ও মিথ্যা তথ্যের বিরুদ্ধে কাজ করা বাংলা ফ্যাক্ট নিশ্চিত করেছে-
ভিডিওটি পুরনো ও ঘটনাবিচ্ছিন্ন
মূল ভিডিও মোহাম্মদপুরের, গোপালগঞ্জের নয়
সামরিক অভিযান দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন

তারা জনগণকে সতর্ক থাকতে ও যাচাই-বাছাই ছাড়া তথ্য বিশ্বাস না করার আহ্বান জানিয়েছে।

কিওয়ার্ডস: গোপালগঞ্জ সামরিক অভিযান গুজব,বাংলা ফ্যাক্ট ফ্যাক্টচেক ২০২৫,মোহাম্মদপুর যৌথবাহিনী অভিযান ভিডিও,গুজব প্রতিরোধ বাংলাদেশ,এনসিপি গোপালগঞ্জ সংঘর্ষ


এ জাতীয় আরো খবর