ক্রমশ অতিক্রম করছি ছায়ার দেয়াল
চোখের ভিতর মেঘগলা জল--বৃষ্টি নয়,
স্ফুরনের ক্ষুধিত আগুন, হয়তো পুঞ্জীভূত
ক্রূরতা পুড়িয়ে! ভষ্ম উড়িয়ে দেয়...
এক একটি দিন আশ্চর্য গোলক ধাঁধাঁর মতো,
আঁধার উলটে খুঁজে নেয় অনিবার্য পথ;
ম্রিয়মাণ আলোয় পরিশুদ্ধ হয়তো নয়, শুধু
চিরায়ত নীলাক্ততায় অনুচ্চারিত রয়ে যায়...
নিভৃতে ফিরে আসে কখনো চাপা বেদনার মতো,
স্বপ্ন মুছেছি কখনো, আশাহত বদল;
আবার শূন্যে ফেরা--ঊষর ধাপ,
প্রথিত শিকড় খণ্ডিত। অনুর্বর।
সন্মুখে চড়াইয়ের ভঙ্গুর সিঁড়ি আর অসংখ্য উন্নাসিক
দেয়ালের প্রহশন, পেরুতে পারিনি কিছুই, তবু
পায়ের রেখাচিহ্ন গেঁথে যাবো বলে; নির্বিরোধ
নিজেকে পুড়িয়ে হাঁটছি অগনন অগ্নিপথে...।
বন্ধু আইডি নং: ৪৯০