বাংলা মুলুকের ত্রিপুরা রাজ্যের রাজা বৈকালিক সাজসভায় বসেই তিনি খেয়াল করে দেখলেন । রাজ্যের দ্বিতীয় ব্যক্তি মন্ত্রী রাজসভায় হাজির নেই । রাজা যারপর নেই এতো বিরক্ত হলেন । আজ কার্যসূচীতে জরুরী বিষয় ছিল । সে বিষয়ে অনেক আলাপ হবে । এখন মন্ত্রীকে খুব দরকার । সাধারণত এমনটি হয় না । সভাসদেরা রাজার আগেই রাজসভায় এসে হাজির থাকেন । বরং তিনি একটু পরে আসেন ।
এবার রাজা তির্যক গলায় বলে উঠেন --- এই কে আছিস ? এখুনি মন্ত্রীকে ডেকে নিয়ে আয় । শাস্ত্রী ছিল মূল ফটকের কাছে , সে দৌড়ে এসে বলে --- জ্বি , হুজুর এখুনি যাচ্ছি আমি ।
মন্ত্রী ছাড়া আলাপ শুরু হচ্ছে না । আধা ঘন্টা পরে মন্ত্রী অনেকটাই পেরশানি হয়ে রাজসভায় হাজির হলেন । মন্ত্রী আসন গ্রহণ করতে করতে বলেন --- হুজুর গোস্তাকি মাফ করবেন , একটু দেরী হয়ে গেল আসতে ।
রাজা বললেন -- দেরী হল কেন সেটাই জানতে চাচ্ছি ।
মন্ত্রী হাত কচলাতে কচলাতে বলেন --- হুজুর আলামপনা , আমার স্ত্রীর জন্য দেরী হল !
রাজা একটু বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন --- কেন , তোমার স্ত্রী আবার কি করেছে ?
মন্ত্রী আরও মিন মিন করে বলে --- হুজুর , দুপুরে খেয়ে ভাবলাম বিকেলে ত আজ জরুরী সভা আছে রাজসভায় , তাই একটু বিছানায় গড়িয়ে নেই যাতে ঠাণ্ডা মাথায় আলাপ আলোচনা এখানে করতে পারি । যেই শুতে যাব অমনি গিন্নি তেড়ে আসলেন ।
রাজা সহ পুরো রাজসভা একটু নড়েচড়ে উঠল । অনেকে আবার মুখ লুকিয়ে হেসে উঠেন ।
মন্ত্রী বলতে থাকেন --- গিন্নি অনেকটা তেড়ে আসলেন বলেছি , এবার তিনি তারস্বরে চিৎকার করে বলে উঠেন --- পেট পুঁজো করে এখন যাচ্ছ ঘুমাতে । বলি পেয়েছটা কি ? সেই ভোরবেলা উঠে নাস্তা বানাও রে , বাচ্চাদের পাঠশালায় পাঠাও রে , তারপর দুপুরের রান্না চড়াও রে আবার বাচ্চারা পাঠশালা থেকে ফিরলে ওদেরকে গোসল করাও রে , খেতে দেও রে --- বলি তুমি কি উদ্ধারটা কর রাজসভায় গিয়ে ?
আমি বলি --- কেন ? আমি কি কিছুই করি না ? এতো বড় রাজ্যের মন্ত্রী আমি , কত পরামর্শ আমার, মহারাজাকে দিতে হয় । রাজ্যের দেখ ভাল করতে হয় । এসব কি কম কাজ ? এসব কি কাজ নয় ?
গিন্নি আরও তেতে উঠে বলে --- ওরকম গদিমোড়া চেয়ারে বসে উপদেশ সবাই দিতে পারে --- যদি আমার মত কাজ করতে তা হলে বুঝতে কাজ কাকে বলে । এখন তুমি বিল্টুকে দেখ --- ও খুব জ্বালাচ্ছে , ওকে ঘুম পাড়াও আমি ঘুমাতে গেলাম অন্য রুমে, খবরদার ! আমাকে ডেকেছ কি তোমার খবর আছে ।
মন্ত্রী বলতে থাকেন --- দেখলেন তো হুজুর ? ছেলেকে আমার কাছে দিয়ে গিন্নি চলে গেলেন ঘুমাতে । বাচ্চাকে সামলাতে সামলাতে একসময় আমিও ছেলের সাথে ঘুমিয়ে গেলাম । যদি শাস্ত্রী গিয়ে আমাকে ডাক না দিত তাহলে ঘুম ভাংত কিনা সন্দেহ আছে ।
এবার রাজা মশাই জিজ্ঞেস করলেন --- তুমি কি তোমার গিন্নিকে ভয় পাও ?
মন্ত্রী একটু চিন্তা করে বলেন --- তা হুজুর সেই ভয় কে না পায় ? এই রাজ্যের সবায় কম বেশী স্ত্রীকে ভয় পায় । আসলে বলা উচিৎ স্ত্রীর কথায় কে না উঠবস করে ।
রাজা এবার জিজ্ঞেস করলেন --- তুমি যে কথা বললে তার প্রমাণ দিতে পারবে ? আমার রাজ্যের কতজন বিবাহিত ব্যক্তি তারা স্ত্রীর কথায় চলে ?
মন্ত্রী বললেন --- জ্বি হুজুর , নিশ্চয় পারব । প্রায় সবাই চলে , যদি একটা গণ প্রতিযোগিতার আদেশ দেন ।
রাজা ভুলে গেলেন আজকের কর্মসূচীর কথা , জরুরী বিষয়ে আলাপ আলোচনা ছিল । পুরো রাজসভা মেতে উঠে কারা স্ত্রীর কথায় উঠবস করে । রাজা আদেশ দিলেন আগামী পরশু রাজ্যের সবচেয়ে বড় মাঠে এই প্রতিযোগিতা হবে । এই অনুষ্ঠান আয়োজন করতে কত খরচ হতে পারে , পাশের রাজ্যের কাদের কাদের আমন্ত্রণ দেয়া হবে । আবার যারা প্রতিযোগিতায় প্রথম , দ্বিতীয় এবং তৃতীয় হবে তাদেরকে একটা পুরুস্কার দেয়া হবে । তারপর বিশিষ্ট ব্যক্তিদের অপ্যায়ন করা । এই করতে করতে সন্ধ্যা হয়ে গেল । তারপরেও আলাপ শেষ হয় না , রাজার আদেশে রাজ বাবুর্চী রাজসভার সবার জন্য নাস্তার আয়োজন করলেন , সেই চা-পান বিরতির পর আবার আলোচনা চলল , আবার এই প্রতিযোগিতা নাকি দুই ভাগে করা হবে যদি প্রথম দিনের প্রতিযোগিতার ফল ঠিকঠাক মত না হলে । এই আলাপ আলোচনা শেষ করে সেদিনের মত রাজসভা ক্ষ্যান্ত দিলেন রাজা রাত দশটায় । কিন্তু সেদিনের রাজসভার কার্যসূচী ছিল --- রাজ্যে পানীয় জলের অভাব হেতু তিনটি বড় বড় দিঘি খননের বিল পাস , পুরান চারটি পুকুর পুনঃখনন বিল পাস , রাজ্যের চার সীমানায় চারটি দাতব্য চিকিৎসালয় এবং বিশ্রমাগার নির্মান কাজের বিল পাস । সময় - তারিখ নির্ধারণ করা হত । অর্থ বরাদ্দও বিষয়টি ছিল । সব কিছু ভুলে গিয়ে স্ত্রীর কথায় উঠ বসা নিয়ে মেতে উঠল রাজ সভার সবাই ।
রাজ্যের বিশাল মাঠ । যেখানে খেলাধুলা হয় । পূজা পর্বন - ঈদের জামাত , মেলা আর কত কি , এই মাঠে ভোরবেলা রাজসৈনিকেরা শরীর চর্চা করে । বিকেলে নানান মানুষের আড্ডা জমে বাচ্চাদের খেলার সাথে । সেখানেই খুব সুন্দর করে রাজার জন্য ষ্টেজ বানানো হয়েছে তবে তা সুরক্ষিত । সামনে নীচের দিকে বিশিষ্ট ব্যক্তিদের আসন বসান হয়েছে । মাঠে সাধারণ জনতা উপস্থিত হয়েছে হাজার হাজার । তারা পুরো মাঠ ঘিরে দাঁড়িয়ে আছে এই প্রতিযোগিতা দেখার জন্য । প্রতিযোগীরা মাঠের এই সীমান্তে একটি লম্বা করে দাগ দেয়া চিহ্নিত স্থানে লাইন ধরে বসে আছে । রাজা সবার আড়ালে মন্ত্রীকে ডেকে বলেছিলেন --- আচ্ছা মন্ত্রী আমরা কি করে বুঝব যে এরা , এদের স্ত্রীর কথায় উঠবস করে না বা ভয় পায় না !
মন্ত্রী ফিস ফিস করে বলছেন --- হুজুর , এটি একটি গড় পরতা হিসেব । যারা স্ত্রীকে ভয় পায় বা তার কথায় উঠবস করে , তাদের মন কিছুটা দুর্বল থাকে , সে কারণে শরীরও দুর্বল থাকে । তারা এই মাঠের শেষ প্রান্ত পর্যন্ত কিছুতেই পৌঁছাতে পারবে না । তার আগেই মাঠে বসে পড়বে । আর যারা মাঠের শেষ প্রান্তে পৌঁছে যাবে আমরা ধরে নিতে পারি তারা স্ত্রীর কথায় চলে না । সেই সংখ্যা অতি অল্প হুজুর দেখবেন । দুই কি তিন জন হতে পারে । এতো বড় মাঠে শেষ সীমান্তে পৌঁছানো মুখের কথা নয় হুজুর আলামপনা ।
রাজা মেনে নিলেন মন্ত্রির যুক্তি ।
তবে একটু মিন মিন করে বলেন --- যদি সে শারীরিকভাবে অসুস্থ্য থাকে ?
মন্ত্রী রাজার মুখের কথা শেষ হবার আগেই বলে --- হুজুর প্রতিযোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেছেন রাজবধ্যি এবং তার ১০ জন সহযোগীরা । এখানে সবাই সুস্থ্য এবং স্বাভাবিক মানুষ হুজুর , এই নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না ।
রাজা বলেন --- ঠিক আছে , খেলা শুরু কর ।
শুরু হয়ে গেল দৌড় প্রতিযোগিতা , শত শত বিবাহিত পুরুষ লাইন বরাবর দাঁড়িয়ে গেল বাঁশি রব করার সাথে সাথেই । এখন সবার ভেতরে একটি চিন্তাই কাজ করছে কে কার আগে সীমান্তে পৌঁছাতে পারে । আগে গেলে বিশাল পুরস্কার । এক হাজার স্বর্ন মুদ্রা ! জোয়ান বুড়ো সবাই আছে এই প্রতিযোগিতায় । চারদিকে আমজনতার হাততালি , আনন্দধ্বনি আকাশ বাতাস বিদির্ণ করে তুলে । দ্বিতীয় বার বাঁশি রবের সাথে সাথে শুরু হয়ে গেল দৌড় ।
এতো বড় মাঠে দৌড় দিতে গিয়ে অনেকেই আরেকজনের সাথে পায়ে পায়ে প্যাচ খেয়ে পড়ে গেল , কেউ আরেকজনের ধাক্কা খেয়ে পড়ে গেল । কেউ দম কমে যাওয়াতে দাঁড়িয়ে গেল , কেউ বা বসে বা শুয়ে পড়ল । এদিকে কাউর দৃষ্টি নেই --- কে প্রথমে সীমান্তে পৌঁছাতে পারবে সেদিকে সবার নজর । কিন্তু ---
এক বৃদ্ধ খেলা শুরুর লাইনে ঠায় দাঁড়িয়ে আছে । সে দৌড় দেয় নি । তাকে রাজার কাছে হাজির করা হল ।
রাজা অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলে --- কি ব্যাপার ? তুমি দৌড় দিলে না যে ? তুমি অসুস্থ্যবোধ করছ ?
বৃদ্ধ বলেন --- আজ্ঞে না হুজুর , আমার দেহ মন উভয়েই ঠিক আছে ।
রাজা - মন্ত্রী অবাক --- তবে ?
বৃদ্ধ বললেন --- হুজুর এখানে আসার আগে আমার গিন্নি বলে দিয়েছেন --- সবাই যা করবে তুমি তা করবে না , করলে তোমার কিন্তু খবর আছে । তাই তো হুজুর শত ইচ্ছা থাকা সত্ত্বেও দৌড় দিতে পারলাম না ।
বৃদ্ধের কথা শুনে রাজা মন্ত্রির দিকে তাকালেন ।
মন্ত্রী ঘোষণা দিলেন আজকের দৌড় প্রতিযোগিতায় এই বৃদ্ধ প্রথম হয়েছেন । কারণ এই রাজ্যে এই বৃদ্ধই তার স্ত্রীকে সবচেয়ে বেশী ভয় পায় এবং স্ত্রীর কথায় উঠবস করে !