ভ্রমণস্মৃতি মুছে যায়— এ ব্যথা পৃথিবীর;
একসাথে কতদূর যাত্রার পথ...
কারও হয়তো রইলো মনে ঘাটের কথা—
উঠে আসার প্রথম হাসিমুখ...
সন্ধ্যার তীরে তার হাতছানি— কোনও আষাঢ়ে
ডুমুরে ডুমুরে জল ঝ'রে নেমেছিলো
কালোজল পুকুরে...
তেমনি জলের ধারা শিরায় স্রোতে...
কোন্ এক সমুদ্রে নেমে আসে নতুন ভ্রমণের মতো...
মহাসমুদ্রের স্ফীতি বিন্দু জলের ঐক্যে, বিন্যাসে—
তার ভেতর আলোড়ন একটি হাসিমুখ...।
তাকে নিয়ে তার সাথে মিশেছিলো সময়ের রূপ...
বটের স্মৃতি শতাব্দ পর অপর উদ্যানে—
হয়তো বিবর্ণ উপাখ্যানে লেশ তার ভেসে ওঠে...
হয়তো কোনও সুসজ্জিত গ্রাম শত বছর পরে
তেমন করে আর দেখা যাবে না...
কোনও নদী মরে যায়— কত কথা মরে যায় তার!
মুছে যায় প্রগাঢ় শাদা শরতের স্মৃতি—
তার সরলা বেনির ফুলগোছা তবুও তো মোছে না...
বিকেলে রোদ-মুখে তার সাথে সময়ের রং
মনে থাকে...।