ছড়া দিয়ে প্রকৃতির এক মজার ছবি
আঁকতে পারি,
রংতুলিতে রংধনুটার সাতটি রঙ-ই
মাখতে পারি।
ছড়ার ছন্দে উড়ে উড়ে মেঘের দেশে
যেতে পারি,
স্বপ্ন-পরীর আলোর ডানায় সুখের পরশ
পেতে পারি।
ছড়ার সপ্তসুরে আমি মিলনগীতি
গাইতে পারি,
মোহন বীণার ছিন্ন তারটি নতুন করে
ছাইতে পারি।
ছড়ার অন্ত্যমিলের সেঁউতি দিয়ে সাগর
সেচতে পারি,
ভালোবাসার মূল্যে সকল মণি-মুক্তা
বেচতে পারি।
ছড়া দিয়ে আপন মনে সুখের প্রাসাদ
গড়তে পারি,
ছড়ার নবরসে শূন্য হৃদয় নদী
ভরতে পারি।