স্বপ্নে বিভোর হয়ে কেটেছে দীর্ঘরাত
দিনের আলোয় মিলিয়ে গেছে সব
কেউ কোথাও নেই, মিছেমিছি যত কলরব।
সাগরের উত্তাল তরঙ্গে হাবুডুবু খেতে খেতে ---
কখন যেন আছড়ে পড়েছি কূলে,
কুয়াশায় ঢাকা প্রান্তরে ওরা আছে শুয়ে দেখি চোখ মেলে।
ক্লান্ত তবুও দাঁড়িয়ে পড়েছি ওদের কষ্ট দেখে,
আমি তো ওদের থেকে অনেক ভালো আছি, এইটুকু ভেবে। পাহাড়-পর্বত,নদী-নালা পেরিয়ে এসেছি
আগ্নেয়গিরির সুপ্ত লাভার মতো বেদনা
বুকের মাঝে জমিয়ে রেখেছি।
লোলুপ চোখগুলো সুযোগ পেলেই
হায়ানার মতো টুঁটি চেপে ধরতে চায়,
মানে না দিন কাল পাত্র ---
কী বীভৎস শয়তানের রূপ দেখি সময়ের আয়নায়।