সোমবার, নভেম্বর ১৬, ২০২৬

ন ন্দি নী আ র জু রু বী

  • ভাঙা কথার টুকরো
  • ২০২৩-১২-০৪ ০৯:৫৭:১০

আমাদের অশ্রুত প্রতিটি কথার গহনে প্রতিধ্বনি! 
নিঃশব্দ রাতের কুহক ভেঙে... কাঁপিয়ে দেয় আঁধার!
এখন ঘুম ভাঙা আমাদের শহরে 
অপরিচিত শব্দের বলয় ঘিরে বিস্তর আলাপ। 

তোমার অশান্ত বিকেল ধরে হাঁটছি আমি, 
অনিঃশেষ দূর্বা-শিহরন মেখে পায়ে... 
দেখছি ভিন্ন কুয়াশা, শুষ্কমরু তোমার অনাবৃত চোখে! 
যেন মেহগনি-আকাশঝুরি, নিঃস্ব মেঘের মতো। 

জানালার ওপাশে আলো ছিলো, হয়তো তখন দগ্ধ-দুপুর, 
তবুও অন্ধ চোখের ভিতর প্রগাঢ়  অমানিশা! 
জ্যোতিহীন সুদূর অতীতের অভিন্ন ছায়া;
আজও আকাঙ্ক্ষার পলক মেলে নিঃসঙ্গ ব্যাকুল...

ডাক নাম ছিল, ছিল প্রাণারণ্যে  সৌম্য সবুজ সম্ভাষণ, 
অবিচ্ছেদ্য মোহস্বর অস্পষ্ট! হয়তো খেই হারা... 
তবুও বধিরতার প্রান্তে প্রবল ভাটার টান, 
ভেসে যাচ্ছে থৈ-হীন জরাগ্রস্ত সব পুরনো অভিমান।

 বন্ধু আইডি নং: ৪৯০


এ জাতীয় আরো খবর