পঁচিশ বছর আগে আমাদের বাড়ির ছাদটি যেমন ছিল
এখনও অনেকটা সেই রকমই আছে।
শুধু গাছের সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে, তাইনা ?
দিনের আলোর তীব্রতা কমে আসার পর
তুমি আমার হাত ধরে টেনে ছাদে নিয়ে গেলে ---- বললে
ওই যে দূরে চাঁদ উঠেছে তার ওপাশে মেঘ
তোমার চোখে দেখি প্রিয় আলোর গতিবেগ।
চলো দূরে হারিয়ে যাই যেমন হারায় পাখি
উড়ে চলি ওই সুনীলে পৃথিবীরে রাখি।
এমন করে ধরবে আমায় যেন না যাই ছুটে
পড়ে গেলে কেমনে নেবে আমার সকল লুটে।
তোমার ছোঁয়ায় বুকে জাগে কেমন শিহরণ
তোমার মাঝে খুঁজে পেলাম নতুন এক জীবন।
তোমায় ছাড়া কিছু আমার ভাল্লাগেনা প্রিয়
এমনি করে সারাজীবন বুকে রেখে দিও।
এসব কাব্যময় আরো কী যেন বলেছিলে ----
আজ মনে পড়ছে না সব।
ও, বলেছিলে অফিস থেকে যেন কিছুদিন ছুটি নিই।
আমাকে ছাড়া এক মুহূর্ত তোমার কাছে দোযখ মনে হয়।
কাল কিন্তু অফিসে যাবে না --- ইত্যাদি।
এরপর পঁচিশটা বছর আমাদের কেমন করে যে কেটে গেলো
বুঝতে পারলাম না ---
আজ তোমার মুখে সতত শুনতে পাই ---
কী করেছিলে বলো কেন গেলো চাকরি
চাল নেই ডাল নেই, নেই নুন লাকড়ি।
কী খাবে নাশতায়, চলে যাও রাস্তায়
দোকানীও টাকা চায়, আমার কী হলো দায়।
ভালো জামা শাড়ি নাই, আমি কি বেশি চাই ?
চুপ করে আছো কেন মুখে কোনো কথা নাই ?
জীবনটাই দিলো আমায় এমন করে ফাঁকি
কী করবো তোমার ঘরে এমনি পড়ে থাকি।
খেটে খাও নইলে মরে যাও, মরো----
ইজ্জত যায় যাক কিছু একটা করো।
তারপর বললে ---
আমার বাবা তোমার মতো গর্দভের সাথে বিয়ে দিয়ে
আমার জীবনটা মাটি করে ফেলেছেন।
আরো অনেক কিছু বলেছিলে যা মনে করতে চাই না,
পঁচিশ বছর আগের সেই নদীটি তেমনি বয়ে চলছে
শুধু আমরা একূল ওকূলের দীর্ঘশ্বাস শুনে চলেছি।