আজ যে জন্মেছিল
সে কি মানুষ আজও না কাকতাড়ুয়া?
নাকি বিহ্বল কোনো দূর্বা ঘাস?
মাটির আঁচল গায়ে জবুথবু তন্দ্রালু স্বপ্নঘোর?
আজ যার জন্মদিন
সে কি জনকের কোনো হেলা-খেলা? না কি আহ্লাদ?
কোন শাকে লাগে তারে? কোন অসাধ্য সাধনে?
কি লাভ হলো কার ? কার বা ক্ষতি?
যার জন্মদিন আজ
কার পোষমানা কষ্টের আঁচল ছেড়ে সে?
কার দুঃখ বোঝে? কার দুঃখ হয়?
কোন কল্যাণে সে? কোন অকল্যাণে?
যে জন্মেছিলো আজ
সে কি মানুষ আজও না কুপমুন্ডুক?
মানুষ হবার আগে না জানি সে কোন চুলোয় গেছে!