মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

অ র্চ না মা লা কা র

  • আনন্দ মিছিল
  • ২০২৩-১১-১৭ ১৩:৪৭:১৩

যুদ্ধ থেমে গেছে ---
চারিদিকে আনন্দ মিছিল। 
ফিরে আসবে যারা যুদ্ধে গেছে, 
কারো সন্তান, কারো স্বামী, কারো ভাই 
খুশির জোয়ার বইছে সব বাড়ি।

কারো চোখ জানালায়, কেউ পথে দাঁড়িয়ে
এই বুঝি আসে -- প্রতীক্ষার প্রহর যেন শেষ হয় না
মিছিল এগিয়ে আসছে যতই
ততই শুনছে বুকের ভেতর হাতুড়ি পেটানোর শব্দ। 

একি ! কীসের আনন্দ মিছিল ! এতো লাশের মিছিল ! 
কারো হাতে রক্তমাখা জামাকাপড়,
কারো পকেটে রক্তে লেখা চিরকুট,
কারো কাঁধে মুক্তির সোপান নিথর দেহ।

কান্নার রোলে প্রকৃতি গুমোট হয়ে ওঠে, 
পোড়া মাংসের গন্ধে বাতাস ভারী হয়ে ওঠে
চিল-শকুন ব্যস্ত শবদেহ ব্যবচ্ছেদে
কে কাকে বোঝায় আনন্দ মিছিলের ভাষা ? 

যুদ্ধ থেমে গেছে --- সর্বত্রই রক্তের আলপনা আঁকা 
বদ্ধভূমিতে কুকুর-শেয়ালের উল্লাস ধ্বনি ----

মেঘ ভাঙা রোদে ঝলমলে এখন বাংলার আকাশ।


এ জাতীয় আরো খবর