অঙ্কের হিসেবটা চিরকাল দুর্বোধ্যই থেকে গেল
যদি বুঝতাম --- বিন্দু বিন্দুতেই সাগর বিশাল
তাহলেও হয়তো সঞ্চয়ে থাকতো কিছু।
তেলানো বিদ্যাটাও রপ্ত করতে পারিনি এযাবৎ
যদি পারতাম --- তাহলেও হয়তো লক্ষ্যে পৌঁছতাম।
একটা দলের পক্ষে গলাবাজি করবো এখন
যাতে চাঁদাবাজিতে কোনো বিড়ম্বনা না থাকে,
রাতারাতি যেন আঙুল ফুলে কলাগাছ হতে পারি,
আমার দলের সাফল্য আকাশচুম্বী ও ঈর্ষণীয়
এ' কথা বলতেও যেন বুক একবিঘৎ ফুলে ওঠে।
দলের ব্যর্থতা কিংবা ভুল চোখে ধরা পড়বে না,
কেননা আমি দলকানা তাই কোনো দোষ দেখবো না
চক্ষু কানা হলে নিশ্চয় অন্ধত্বের দোহাই দিতে পারতাম।
ছোট নেতা, বড়ো নেতা, হাফ নেতা, ফুল নেতা
ওপরে নেতা, নিচে নেতা, পাতি নেতা, নেতার নেতা
নেতার আধিক্যে আজকাল সমর্থক খুঁজে পাই না,
তাইতো ভোটারের সংখ্যা দিনদিন কমছে গণহারে,
নেতৃত্বের অগ্রভাগে থাকাই এখন ওপরে ওঠার সিঁড়ি,
নির্বিঘ্নে তরতর করে ওঠা যায় ঊর্দ্ধলোকে
যেখানে বরপুত্র দের অধিবাস,
নিউ ব্রান্ডের গাড়ি, অটোয়ায় বাড়ি, দ্বৈত নাগরিকত্ব,
প্রতিহিংসার রোষানল এড়াতে এসাইলাম ----
এ' সবই রাজনীতির অকথিত পারিতোষিক।
ভাবছি, এবার কলম ফেলে হাতে হকিস্টিক নেবো
খেলা হবে ! খেলা হবে ! বলে মুখে ফেনা তুলবো
বাহু ও মাথায় লাল ফেট্টি বেঁধে মাতম করবো
জন দরদী হবো --- হালের নেতা হবো।