সোমবার, নভেম্বর ১৬, ২০২৬

রোড ক্র্যাশে নিহত ব্যক্তিদের জন্য বিশ্ব স্মরণ দিবস-২০২৬ উপলক্ষ্যে এসআরএসপি এর আলোচনা সভা

  • কাজী বোরহান উদ্দিন
  • ২০২৬-১১-১৪ ১৯:২৮:৫০

১৫ নভেম্বর- ২০২৬ রোড ক্র্যাশে নিহত ব্যক্তিদের জন্য বিশ্ব স্মরণ দিবস। দিবসটির তাৎপর্য এবং আমাদের করণীয় বিষয়ে আলোচনার অংশ হিসেবে আজ (১৪ নভেম্বর- ২০২৬) সোসাইটি ফর রোড সেফটি প্রফেশনালস (এসআরএসপি) একটি আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআরএসপি এর সভাপতি এবং এক্সিডেন্ট রিসার্চ ইন্সটিটিউট (এআরআই) এর প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ড. মোঃ মাহজারুল হক। 
আলোচনা সভাটি সঞ্চালনা করে এসআরএসপি এর মহাসচিব এবং ডিন,স্কুল অব ফার্মেসী অ্যান্ড পাবলিক হেলথ,ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ড. কামরান উল বাছেত। 
সভাপতি তার বক্তব্যে রোড ক্র্যাশে নিহত ব্যক্তিদের জন্য বিশ্ব স্মরণ দিবসের তাৎপর্য, রোড সেফটির বৈশ্বিক চিত্র এবং বাংলাদেশের অবস্থা তুলে ধরেন। পাশাপাশি সড়ক নিরাপত্তায় বিশ্বের অন্যন্য দেশের ভালো উদাহরণগুলো অনুসরণ করার মাধ্যমে কিভাবে আমরা বাংলাদেশের সড়ক নিরাপত্তা উন্নত করতে পারি সেগুলো নিয়ে আলোচনা করেন। 
সোসাইটির সদস্য এবং সিআইপিআরবি এর উপ-নির্বাহী পরিচালক ড. সেলিম মাহমুদ চৌধুরী সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন। মূল প্রবন্ধে তিনি রোড ক্র্যাশ কমাতে এসআরএসপি কিভাবে অবদান রাখতে পারে সে বিষয়গুলো তুলে ধরেন। একই সাথে তিনি সোসাইটির লক্ষ্য, উদ্দেশ্য, এবং ভবিষ্যত কর্মপরিকল্পনা সম্পর্কে সকলকে অবহিত করেন। 
উপস্থাপনা শেষে সঞ্চালক সকল অংশগ্রহণকারীদের নিয়ে মুক্ত আলোচনা পরিচালনা করেন। মুক্ত আলোচনায় সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে নানা বিষয়ের পাশাপাশি এসআরএসপি এর কার্যক্রমকে গতিশীল করা য়ায় সেসকল বিষয়ে কিছু দিক নির্দেশনা উঠে আসে। এছাড়া সভায় রোড ক্র্যাশ কমানোর জন্য সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহের সাথে সমন্বয় করে এসআরএসপি কিভাবে অবদান রাখতে পারে সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। 
সোসাইটির সহ-সভাপতি এবং সিআইপিআরবি এর নির্বাহী উপদেষ্টা অধ্যাপক ড. একেএম ফজলুর রহমান বলেন সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের যে সকল অঙ্গীকার রয়েছে সেগুলোরে সাথে সঙ্গতি রেখে সোসাইটির কার্যক্রম ঠিক করতে হবে। বাস্তবায়নযোগ্য বার্ষিক কর্ম পরিকল্পনা নির্ধারণ করে কাজের মাধ্যমে সেগুলোর প্রতিফলন করাই হবে এসআরএসপির অন্যতম কাজ। 
এছাড়াও আলোচনায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক, নিটোর এর সাবেক পরিচালক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান অধ্যাপকবৃন্দ, পরিবহন বিশেষজ্ঞ, পরিবহন প্রকৌশলী, পরিবহন পরিকল্পনাবিদ, আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধি, বিআরটিএ এর প্রতিনিধি, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, এবং সড়ক নিরাপত্তা বিষয়ক তরুণ গবেষকগণ উপস্থিত ছিলেন।  
রোড ক্র্যাশে নিহত ব্যক্তিদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। 
 

 


এ জাতীয় আরো খবর